চ্যাটজিপিটির চ্যাট মুছবেন নাকি আর্কাইভ করবেন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১১

চ্যাটজিপিটির চ্যাট মুছবেন নাকি আর্কাইভ করবেন
ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটিতে প্রয়োজনীয় কথোপকথন বিভিন্নভাবে সংরক্ষণ করা যায়। অপ্রয়োজনীয় চ্যাট মুছে ফেলা, প্রয়োজনীয় চ্যাট আর্কাইভ করে রাখা বা তথ্য সংরক্ষণ করে রাখার সুযোগ রয়েছে। তবে কোনো চ্যাট মুছে ফেললে সেটি চ্যাট হিস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হয় এবং ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে মুছে ফেলার জন্য নির্ধারণ করে ওপেনএআই।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মুছে ফেলা চ্যাট চ্যাটজিপিটির ইন্টারফেস, এপিআই বা সহায়তা কেন্দ্রের মাধ্যমে পুনরুদ্ধার করা যায় না। ভুল করে মুছে ফেলা চ্যাটও এভাবে ফিরিয়ে আনার সুযোগ নেই।

চ্যাট মুছবেন যেভাবে

চ্যাটজিপিটির পাশের তালিকা থেকে যে কথোপকথনটি মুছতে চান সেটির পাশে থাকা তিনটি ডট (...) এ ক্লিক করতে হবে। এরপর ‘ডিলিট’ নির্বাচন করে মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করতে হবে। চ্যাট মুছে ফেললে সেটি আর চ্যাট হিস্ট্রি দেখা যাবে না।

মুছে ফেলা চ্যাট কি ফেরত আনা যায় ?

না। ওপেনএআই জানিয়েছে, মুছে ফেলা কথোপকথন চ্যাটজিপিটির ইন্টারফেস, এপিআই বা সহায়তা কেন্দ্র থেকে পুনরুদ্ধার করা যায় না। ‘সেটিংস > ডেটা কন্ট্রোলস’ থেকে ‘ডিলিট অল চ্যাটস’ নির্বাচন করে সব চ্যাট মুছে ফেললেও একই নিয়ম প্রযোজ্য।

তবে কোনো চ্যাট হঠাৎ খুঁজে না পেলে সেটি মুছে ফেলার বদলে আর্কাইভ করা হয়েছে কি না, তা পরীক্ষা করা উচিত। একই সঙ্গে সঠিক ওপেনএআই অ্যাকাউন্ট বা কর্মক্ষেত্রে সাইন ইন করা আছে কি না, সেটিও যাচাই করতে হবে।

আর্কাইভ করা চ্যাট দেখবেন যেভাবে

আর্কাইভ করা চ্যাট দেখতে ‘সেটিংস > ডেটা কন্ট্রোল > ম্যানেজ’ অপশনে গিয়ে ‘আর্কাইভড চ্যাটস’ নির্বাচন করতে হবে। সেখানে প্রয়োজনীয় কথোপকথন থাকলে ‘আনআর্কাইভ’ নির্বাচন করে সেটি আবার চ্যাটের তালিকায় ফিরিয়ে আনা যাবে।

চ্যাট হিস্ট্রি পুরোপুরি দেখা না গেলে চ্যাটজিপিটি পুনরায় চালু করা বা লগ আউট করে আবার লগ-ইন করেও দেখা যেতে পারে। চলমান কোনো কারিগরি সমস্যা আছে কি না, তা জানতে ওপেনএআইয়ের সেবা পরিস্থিতির পাতাও দেখা যায়।

চ্যাট আর্কাইভ করবেন যেভাবে

কথোপকথন মুছে না ফেলে সংরক্ষণ করতে চাইলে চ্যাটের পাশে থাকা তিনটি ডট (...) এ ক্লিক করে ‘আর্কাইভ’ নির্বাচন করতে হবে। আর্কাইভ করা চ্যাট অ্যাকাউন্টে সংরক্ষিত থাকে এবং সাধারণ সংরক্ষণ নীতির আওতায় থাকে। অন্যদিকে চ্যাট মুছে ফেললে সেটি স্থায়ীভাবে মুছে ফেলার প্রক্রিয়ায় চলে যায়।

সংযুক্ত অ্যাপের তথ্যের কী হয় ?

চ্যাটজিপিটি কোনো কথোপকথনে গুগল ড্রাইভ, জিমেইল বা ক্যালেন্ডারের মতো সংযুক্ত অ্যাপ থেকে সমন্বয় করা তথ্য ব্যবহার করলে সেই কথোপকথন মুছে ফেলার সঙ্গে ওই কথোপকথনে সংরক্ষিত সংযুক্ত অ্যাপের তথ্যও অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে সাধারণ তথ্য সংরক্ষণ নীতি ও আইনি প্রয়োজনীয়তা প্রযোজ্য।

কোনো অ্যাপ সংযোগ বিচ্ছিন্ন করলে শুধু চ্যাটজিপিটির নতুন তথ্য ব্যবহারের সুযোগ বন্ধ হয়। আগে ওই অ্যাপের তথ্য ব্যবহার করে তৈরি হওয়া কথোপকথন এতে মুছে যায় না।

গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন ভবিষ্যতে প্রয়োজন হতে পারে মনে হলে সেটি মুছে ফেলার বদলে আর্কাইভ করে রাখা নিরাপদ। চাইলে ‘সেটিংস > ডেটা কন্ট্রোলস > এক্সপোর্ট ডেটা’ থেকে চ্যাটজিপিটির তথ্যও ডাউনলোড করে সংরক্ষণ করা যায়। একবার চ্যাট মুছে ফেললে সেটি পুনরুদ্ধারের কোনো উপায় নেই

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন