এআই নিয়ন্ত্রণে মানুষের তদারকিতে জোর মাইক্রোসফটের

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪০

এআই নিয়ন্ত্রণে মানুষের তদারকিতে জোর মাইক্রোসফটের
ছবি: সংগৃহীত

এআই মডেলের দ্রুত অগ্রগতি নিয়ে নিরাপত্তা উদ্বেগের মধ্যে ৩৭ পৃষ্ঠার নতুন নীতিমালা প্রকাশ করেছে মাইক্রোসফট। ‘হিউম্যানিস্ট এআই কোড অব কন্ডাক্ট’ নামের নীতিমালায় প্রতিষ্ঠানটি বলেছে, এআইয়ের চেয়ে মানুষের গুরুত্ব বেশি এবং মডেলগুলোকে মানুষের কার্যকর তদারকি ও নিয়ন্ত্রণের অধীনেই রাখতে হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের নীতিমালা অনুযায়ী এআই মডেল সচেতন নয় এবং সেগুলোকে সচেতন সত্তার অনুকরণে তৈরি করা উচিত নয়। মডেলের আইনি ব্যক্তিসত্তা, অধিকার বা কল্যাণ পাওয়ার ধারণাও প্রত্যাখ্যান করেছে প্রতিষ্ঠানটি।

এ অবস্থান এআই মডেলের সচেতনতা নিয়ে অ্যানথ্রপিকের ভাবনার বিপরীত। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই চলতি বছরের শুরুতে বলেছিলেন, এআই মডেল সচেতন হতে পারে এমন ধারণার বিষয়ে তারা ‘উন্মুক্ত’। মাইক্রোসফট এআইয়ের প্রধান মুস্তাফা সুলেমান গত জুনে অ্যানথ্রপিকের এ ধরনের ধারণাকে ‘খুবই বিপজ্জনক’ বলে মন্তব্য করেন।

এআই উন্নয়নের গতি নিয়েও নিরাপত্তা উদ্বেগ বাড়ছে। সম্প্রতি গবেষকেরা সতর্ক করেছেন, এআইয়ের অগ্রগতি জটিল ব্যবস্থা নিরাপদে ব্যবহার, যাচাই এবং এআই এজেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে দারিও আমোদেই এআই উন্নয়নের গতি সমন্বিতভাবে কমানোর আহ্বান জানিয়েছেন।

মাইক্রোসফট এখনো শীর্ষ এআই সরবরাহকারীদের একটি নয়। তবে মাইক্রোসফট এআইয়ের প্রধান মুস্তাফা সুলেমান জানিয়েছেন, বিশ্বের শীর্ষ চার এআই গবেষণাগারের একটি হওয়া মাইক্রোসফটের লক্ষ্য। এ জন্য গুগল, অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এমন এআই মডেল তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

নতুন নীতিমালায় মাইক্রোসফট জানিয়েছে, তাদের মডেল মানুষের নিয়ন্ত্রণ অতিক্রম করবে না। মডেলগুলোকে মানবজাতির অধীনেই রেখে অর্থবহ মানবিক তদারকি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন