ক্যামেরাবিহীন স্মার্ট চশমা আনতে পারে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

ক্যামেরাবিহীন স্মার্ট চশমা আনতে পারে মেটা

ক্যামেরাবিহীন নতুন স্মার্ট চশমা তৈরিতে কাজ করছে মেটা। ‘লুনা’ কোডনামের এই চশমায় ছবি বা ভিডিও ধারণের বদলে কণ্ঠনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধায় গুরুত্ব দেওয়া হতে পারে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশনের প্রতিবেদনের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর মেটার ডেভেলপার সম্মেলনে চশমাটি উন্মোচন করা হতে পারে এবং অক্টোবরে বাজারে আসতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, লুনায় ছয়টি মাইক্রোফোন থাকবে। চশমার পাশে থাকা একটি বোতামের মাধ্যমে দ্রুত মেটা এআই ব্যবহার করা যাবে। মেটার নতুন ভোক্তা এআই এজেন্ট মিউজও এতে ব্যবহারের সুযোগ থাকতে পারে। চশমাটিতে বর্তমান মেটা স্মার্ট চশমার মতো স্পিকার ব্যবহারের কথা জানা গেছে।

ক্যামেরাবিহীন চশমার কারণ

ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা নিয়ে গোপনীয়তা-সংক্রান্ত উদ্বেগ বাড়ছে। চলতি বছরের জানুয়ারিতে বিবিসির এক অনুসন্ধানে মেটার চশমা ব্যবহার করে জনসমক্ষে নারীদের অনুমতি ছাড়া ধারণ করা ভিডিও প্রকাশের বেশ কিছু অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। এমন পরিস্থিতিতে স্কুল, সিনেমা হলসহ বিভিন্ন জায়গায় ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা ব্যবহারে নিষেধাজ্ঞাও বাড়ছে।

ক্যামেরা না থাকায় লুনা এমন জায়গায় ব্যবহারের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য হতে পারে, যেখানে ধারণক্ষম ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। ছয়টি মাইক্রোফোনের মাধ্যমে মেটা এআই ও মিউজের সঙ্গে কণ্ঠের মাধ্যমে যোগাযোগই হতে পারে চশমাটির প্রধান ব্যবহার।

গোপনে ধারণ ঠেকাতে মেটার উদ্যোগ

মেটার বর্তমান রে-ব্যান মেটা স্মার্ট চশমা এখন পর্যন্ত প্রায় ৭০ লাখ ইউনিট বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ক্যামেরাবিহীন চশমার ক্ষেত্রে ক্যামেরার সুবিধা ছাড়া কণ্ঠনির্ভর এআই ব্যবহার গ্রাহকদের কাছে কতটা আকর্ষণীয় হবে, সেটিই বড় প্রশ্ন।

গোপনে ভিডিও ধারণ নিয়ে সমালোচনার মধ্যে মেটা গত জুলাইয়ে একটি সফটওয়্যার হালনাগাদ আনার ঘোষণা দেয়। এতে চশমার রেকর্ডিং নির্দেশক এলইডি শারীরিকভাবে নষ্ট বা পরিবর্তন করা হয়েছে কি না তা শনাক্ত করা গেলে ক্যামেরা দিয়ে ধারণের সুবিধা বন্ধ করার ব্যবস্থা রাখা হয়েছে।

স্মার্ট চশমা শনাক্তে নতুন অ্যাপ

স্মার্ট চশমার গোপনীয়তা নিয়ে উদ্বেগের কারণে স্বাধীনভাবে কিছু শনাক্তকারী টুলও তৈরি হয়েছে। পোল্যান্ডের ডেভেলপার পাওয়েল শিডলোস্কি তৈরি ‘জাকঅফ’ নামের বিনা মূল্যের একটি মোবাইল অ্যাপ ব্লুটুথ সংকেতের মাধ্যমে আশপাশে থাকা স্মার্ট চশমা শনাক্ত করতে পারে।

অ্যাপটি রে-ব্যান মেটা, ওকলে মেটা ও স্ন্যাপ স্পেকট্যাকলসের মতো ডিভাইসের সংকেত শনাক্ত করতে পারে। তবে চশমাটি তখন রেকর্ড করছে কি না বা কে সেটি ব্যবহার করছেন তা জানাতে পারে না।

মেটা এরই মধ্যে অর্থের বিনিময়ে এআই সুবিধা দেওয়ার ব্যবসা বাড়াচ্ছে। ১৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বাড়তি এআই সুবিধা দেওয়ার সাবস্ক্রিপশন সেবা ‘মেটা ওয়ান’ চালুর ঘোষণা দিয়েছে। পর্যায়ক্রমে এ সেবা এডিটস ও এআই চশমাতেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন