ইউটিউবে অতিরিক্ত ভিডিও দেখা কমাবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪

ইউটিউবে অতিরিক্ত ভিডিও দেখা কমাবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ইউটিউবে একটি ভিডিও দেখতে গিয়ে একের পর এক ভিডিও দেখার কারণে অজান্তেই অনেকটা সময় কেটে যায়। বিশেষ করে শর্টসের অবিরাম স্ক্রলিংয়ের ফলে এ প্রবণতা আরও বাড়তে পারে। অতিরিক্ত ভিডিও দেখা নিয়ন্ত্রণে রাখতে ইউটিউবের ‘টাইম ম্যানেজমেন্ট’ বিভাগের কয়েকটি সুবিধা ব্যবহার করা যায়।

ইউটিউবের ‘টাইম ম্যানেজমেন্ট’ বিভাগে প্রতিদিন কত সময় ভিডিও দেখা হচ্ছে, তার হিসাব দেখা যায়। পাশাপাশি শর্টস দেখার দৈনিক সীমা নির্ধারণ, নির্দিষ্ট সময় পর বিরতির কথা মনে করিয়ে দেওয়া এবং ঘুমানোর সময় সতর্কবার্তা পাওয়ার সুবিধাও রয়েছে। সম্প্রতি এসব সুবিধা নিয়ে বিস্তারিত জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ।

ইউটিউবে কত সময় কাটছে দেখুন

নিজের ইউটিউব ব্যবহারের অভ্যাস বুঝতে ‘টাইম ম্যানেজমেন্ট’ বিভাগটি কাজে লাগতে পারে। এখানে আজ কত সময় ইউটিউবে কাটানো হয়েছে, পাশাপাশি গত সাত দিনে প্রতিদিন গড়ে কত সময় ভিডিও দেখা হয়েছে, সেই হিসাবও পাওয়া যায়।

অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউব খুলে প্রোফাইল ছবিতে ট্যাপ করে ‘সেটিংস’ এবং এরপর ‘টাইম ম্যানেজমেন্ট’ বিভাগে যেতে হবে। সেখানে গত সাত দিনের ব্যবহারের গ্রাফ দেখা যায়। কোন দিনে তুলনামূলক বেশি সময় ইউটিউবে কাটানো হয়েছে, তা সহজেই বোঝা যায়।

শর্টস দেখার সময়সীমা ঠিক করুন

অতিরিক্ত সময় ইউটিউবে কাটানোর ক্ষেত্রে শর্টসের অবিরাম স্ক্রলিং বড় কারণ হতে পারে। তাই ‘টাইম ম্যানেজমেন্ট’ বিভাগে থাকা ‘শর্টস ফিড লিমিট’ সুবিধা ব্যবহার করে প্রতিদিন কতক্ষণ শর্টস দেখা যাবে, তা নির্ধারণ করা যায়।

এখানে নির্দিষ্ট সময় বেছে নেওয়ার পাশাপাশি শূন্য মিনিটও নির্ধারণ করা সম্ভব। নির্ধারিত সময়সীমায় পৌঁছালে ইউটিউব সতর্কবার্তা দেখাবে। তবে এই সুবিধা শর্টস পুরোপুরি বন্ধ করে দেয় না। ব্যবহারকারী চাইলে সতর্কবার্তা সরিয়ে আবার শর্টস দেখা চালিয়ে যেতে পারেন।

ভিডিও দেখার মাঝে বিরতির কথা মনে করাবে

দীর্ঘ সময় ভিডিও দেখার অভ্যাস কমাতে ‘টেক আ ব্রেক’ সুবিধা ব্যবহার করা যায়। এতে নির্দিষ্ট সময়ের ব্যবধান ঠিক করে দিলে সেই সময় পর ইউটিউব ভিডিও থামিয়ে বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেয়।

ভিডিও চলার মাঝেই সতর্কবার্তা দেখানো হয় বলে কখন থামা উচিত, সে বিষয়ে ব্যবহারকারীকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় এই সুবিধা। এটি চালু করতে ‘টাইম ম্যানেজমেন্ট’ বিভাগে গিয়ে ‘রিমাইন্ড মি টু টেক আ ব্রেক’ নির্বাচন করতে হবে।

ঘুমানোর সময় সতর্কবার্তা

রাতে ইউটিউব দেখার অভ্যাস থাকলে ‘বেড টাইম রিমাইন্ডার’ সুবিধাটিও কাজে লাগতে পারে। এতে ঘুমানোর প্রস্তুতির জন্য দিনের নির্দিষ্ট সময় থেকে আরেকটি সময় পর্যন্ত সতর্কবার্তা নির্ধারণ করা যায়।

চাইলে ভিডিও চলার মাঝখানে অথবা ভিডিও শেষ হওয়ার পর সতর্কবার্তা দেখানোর ব্যবস্থা বেছে নেওয়া যায়। এ জন্য ‘টাইম ম্যানেজমেন্ট’ বিভাগে গিয়ে ‘রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম’ নির্বাচন করতে হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন