ফোনে লুকিয়ে থাকা অ্যাপ খুঁজে বের করবেন যেভাবে
স্মার্টফোনে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখতে অনেকেই অ্যাপ লুকিয়ে রাখেন। তবে একই সুবিধা সন্তানদের অনুপযুক্ত অ্যাপ ব্যবহার বা অনুমতি ছাড়া ফোনে ক্ষতিকর অ্যাপ ইনস্টল হয়েছে কি না, তা যাচাইয়ের ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। অ্যান্ড্রয়েড ও আইফোনে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই লুকিয়ে রাখা অ্যাপ খুঁজে বের করা যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনের লুকানো অ্যাপ খুঁজতে অ্যাপ স্টোর এবং ফোনের সেটিংস, এই দুই পদ্ধতি ব্যবহার করা যায়। তবে কোনো অ্যাপ ফোনের বাইরে থেকে ইনস্টল করা হলে তা অ্যাপ স্টোরে নাও দেখা যেতে পারে।
প্লে স্টোর বা অ্যাপ স্টোরে খুঁজুন
অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে গুগল প্লে স্টোর খুলে ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে চাপ দিতে হবে। এরপর ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস’ নির্বাচন করে ‘ম্যানেজ’ ট্যাবে গেলে ফোনে ইনস্টল থাকা অ্যাপগুলোর তালিকা পাওয়া যাবে।

আইফোনে অ্যাপ স্টোর খুলে ওপরের ডান দিকে প্রোফাইল ছবিতে চাপ দিতে হবে। এরপর ‘অ্যাপস অ্যান্ড পারচেজ হিস্ট্রি’ নির্বাচন করে ‘ইওর অ্যাপস’ এ গেলে অ্যাপগুলোর তালিকা দেখা যাবে। তালিকার সঙ্গে ফোনের অ্যাপ ড্রয়ার বা অ্যাপ লাইব্রেরির অ্যাপ মিলিয়ে দেখলেই লুকানো অ্যাপ শনাক্ত করা সম্ভব।
তবে অ্যাপ স্টোরে ‘ওপেন’ লেখা থাকলে বুঝতে হবে অ্যাপটি বর্তমানে ফোনে ইনস্টল করা আছে। শুধু ডাউনলোডের চিহ্ন থাকলে সেটি ফোন থেকে মুছে ফেলা হয়েছে।
সেটিংস থেকে দেখুন
ফোনের সেটিংস থেকেও সব ইনস্টল করা অ্যাপের তালিকা দেখা যায়। গুগল পিক্সেল ও মটোরোলা ফোনে ‘সেটিংস’ থেকে ‘অ্যাপস’ নির্বাচন করে ‘সিই অল অ্যাপস’ এ যেতে হবে। স্যামসাং ফোনে ‘সেটিংস’ থেকে ‘অ্যাপস’ নির্বাচন করে ফিল্টার আইকনে চাপ দিয়ে ‘ইনস্টলড বাই ইউ’ নির্বাচন করা যায়।
অন্য অ্যান্ড্রয়েড ফোনে এই অপশন খুঁজে না পেলে সেটিংসের সার্চ বক্সে ‘অ্যাপস’, ‘অল অ্যাপস’ বা ‘ম্যানেজ অ্যাপস’ লিখে খোঁজা যেতে পারে। এরপর তালিকার সঙ্গে ফোনের অ্যাপ ড্রয়ারের অ্যাপ মিলিয়ে দেখলেই লুকানো অ্যাপ শনাক্ত করা যাবে।
আইফোনে লুকানো অ্যাপ সাধারণ অ্যাপের তালিকায় সরাসরি দেখা যায় না। সেগুলো ‘হিডেন অ্যাপস’ মেনুতে থাকে। অ্যাপ লাইব্রেরির নিচের দিকে থাকা ‘হিডেন’ ফোল্ডারেও এসব অ্যাপ পাওয়া যায়। এসব অ্যাপ খুলতে ফেস আইডি বা পাসকোড প্রয়োজন হয়।
এ ছাড়া ক্যালকুলেটর, ঘড়ি বা ফোনে কল করার অ্যাপের মতো দেখতে কিছু অ্যাপ আসলে অন্য অ্যাপ লুকিয়ে রাখার কাজে ব্যবহৃত হতে পারে। তাই অপরিচিত কোনো অ্যাপ দেখলে সেটির বিস্তারিত তথ্য যাচাই করা ভালো।