নতুন ফিচারে আরও স্মার্ট উইন্ডোজ ১১
মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-এর জন্য নতুন প্রিভিউ আপডেট উন্মোচন করেছে, যেখানে যুক্ত হয়েছে একাধিক ব্যবহারবান্ধব ফিচার। এই আপডেটে দৈনন্দিন কাজকে আরও সহজ ও দ্রুত করার দিকে জোর দেওয়া হয়েছে।
ফাইল ব্যবস্থাপনা, সার্চ ও ভয়েস নিয়ন্ত্রণে আনা পরিবর্তনগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে এআই-সহায়ক ফিচার ও স্মার্ট সার্চ সুবিধা উইন্ডোজ ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে। তবে আপডেটটি আপাতত কেবল উইন্ডোজ ইনসাইডারদের জন্য উন্মুক্ত রয়েছে।
ফাইল এক্সপ্লোরারে ব্যবহারবান্ধব পরিবর্তন
ফাইল এক্সপ্লোরারে এখন ফাইলের আকার স্বয়ংক্রিয়ভাবে কিলোবাইটের পরিবর্তে এমবি বা জিবিতে দেখানো হবে। এতে বড় ফাইলের আকার সহজে বোঝা যাবে। এছাড়া মাউসের মাঝের বাটনে ক্লিক করে সরাসরি নতুন ট্যাবে ফোল্ডার খোলার সুবিধা যোগ হয়েছে। “রেকমেন্ডেড” অংশে ফাইল প্রিভিউ আরও উন্নত করা হয়েছে।
ভয়েস অ্যাক্সেসে উন্নত নিয়ন্ত্রণ
ভয়েস অ্যাক্সেসে যুক্ত হয়েছে ‘ভয়েস আইসোলেশন’ ফিচার, যা আশপাশের শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠকে আলাদা করে শনাক্ত করতে পারে। প্রয়োজনে অন্য কণ্ঠস্বরও সীমিত করা যাবে, ফলে ভয়েস কমান্ড আরও নির্ভুল হবে।
সার্চে স্মার্ট সুবিধা
উইন্ডোজ সার্চ এখন আরও কার্যকর। ভুল বানান বা অসম্পূর্ণ নাম দিয়েও ফাইল ও অ্যাপ খুঁজে পাওয়া যাবে। এমনকি দুই অক্ষরের ফাইল নামও এখন সহজে শনাক্ত করতে পারবে সিস্টেম।
টাচপ্যাড ও স্টার্ট মেনুতে পরিবর্তন
প্রিসিশন টাচপ্যাড ব্যবহারকারীরা এখন স্ক্রল ও জুমের গতি নিজেদের মতো করে ঠিক করতে পারবেন। স্টার্ট মেনুতে কিবোর্ড ব্যবহার আরও সহজ করা হয়েছে এবং অ্যাকাউন্ট অংশে সাবস্ক্রিপশনের তথ্য যুক্ত করা হয়েছে।
ব্যাটারি ও লক স্ক্রিনে নতুনত্ব
ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট ব্যাটারি লেভেল সেট করতে পারবেন, যেখানে পৌঁছালে স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার সেভিং মোড চালু হবে। লক স্ক্রিনে উইজেট ব্যবহারে সরলতা আনা হয়েছে; নতুন ব্যবহারকারীদের জন্য ডিফল্টভাবে শুধু আবহাওয়ার তথ্য দেখানো হবে।
এই আপডেটটি বর্তমানে উইন্ডোজ ইনসাইডারদের জন্য উপলব্ধ। ভবিষ্যতে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে।
সূত্র : পিসিওয়ার্ল্ড