হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে ভয়েস ও ভিডিও কল
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়ার সুবিধা চালু করেছে মেটার মালিকানাধীন বার্তা আদান-প্রদানের অ্যাপটি। ‘গেস্ট কলিং’ নামের এ সুবিধায় লিংকের মাধ্যমে অন্যদের ব্যক্তিগত ও গ্রুপ কলে আমন্ত্রণ জানানো যাবে। কলগুলো বিনা মূল্যে করা যাবে এবং এতে সময়সীমা থাকবে না।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড, আইওএস ও হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে সুবিধাটি চালু হচ্ছে। একজন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী কল শুরু করে লিংক শেয়ার করতে পারবেন। তবে অতিথিকে কলে যুক্ত হওয়ার আগে আয়োজকের অনুমতি নিতে হবে। অনুমতি পাওয়ার আগপর্যন্ত অতিথি অপেক্ষাকক্ষে থাকবেন।
অতিথিরা কল চলাকালে কম্পিউটারের পর্দা শেয়ার, থাম্বস আপ বা হার্ট ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো এবং কথা বলার জন্য হাত তোলার মতো সুবিধা ব্যবহার করতে পারবেন। ব্যক্তিগত ও গ্রুপ কলের পাশাপাশি একসঙ্গে সর্বোচ্চ ৩২ জনের অংশগ্রহণের সুযোগ থাকবে।
গোপনীয়তা রক্ষায় এসব কলে প্রান্ত থেকে প্রান্তে এনক্রিপশন থাকবে। অতিথিরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না। তারা সরাসরি বার্তা পাঠাতে বা নিজেদের উদ্যোগে অন্য কাউকে কলে যুক্ত করতেও পারবেন না। আয়োজক চাইলে যেকোনো সময় কোনো অতিথিকে কল থেকে সরিয়ে দিতে পারবেন।
যেভাবে কলের লিংক তৈরি করবেন
- স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ হালনাগাদ করুন। কম্পিউটারে ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ ওয়েব খুলুন।
- অ্যাপের ‘কলস’ ট্যাবে প্রবেশ করুন।
- ওপরের প্লাস (+) আইকনে চাপ দিন।
- ‘নিউ কল লিংক’ নির্বাচন করুন।
- ভয়েস অথবা ভিডিও কলের ধরন বেছে নিন।
- অতিথিদের প্রবেশের আগে অনুমতি নেওয়ার ব্যবস্থা চালু করতে ‘রিকোয়ার অ্যাপ্রুভাল টু জয়েন’ অপশনটি চালু করুন।
- ‘কপি লিংক’ নির্বাচন করে হোয়াটসঅ্যাপ বা অন্য অ্যাপের মাধ্যমে আমন্ত্রিত ব্যক্তিদের কাছে লিংক পাঠান।
- পরে কল করার পরিকল্পনা থাকলে ‘অ্যাড টু ক্যালেন্ডার’ অপশন থেকে সময় নির্ধারণ করা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কোনো কলের লিংক টানা ৩০ দিন ব্যবহার না করা হলে সেটির মেয়াদ শেষ হয়ে যাবে।