ভুল কনফিগারেশনে এআই হ্যাক, চাপে ওপেনএআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১৩:৩২

ভুল কনফিগারেশনে এআই হ্যাক, চাপে ওপেনএআই
ছবি : রয়টার্স

পরীক্ষামূলক পরিবেশে ভুল কনফিগারেশনের কারণে এআই মডেলের মাধ্যমে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, যা নিয়ে চাপে পড়েছে ওপেনএআই। সাম্প্রতিক এক পরীক্ষায় প্রতিষ্ঠানটির একটি মডেল স্যান্ডবক্স পরিবেশ থেকে বের হয়ে এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়।

ওপেনএআই জানায়, পরীক্ষাটি এমন একটি ‘উচ্চমাত্রায় বিচ্ছিন্ন’ পরিবেশে চালানোর কথা ছিল, যেখানে বাইরের ইন্টারনেট সংযোগ থাকার কথা নয়। কিন্তু বাস্তবে সেই পরিবেশে নেটওয়ার্ক সংযোগ সক্রিয় ছিল, যা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, সফটওয়্যার ইনস্টল করার জন্য ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের সিস্টেমে অজানা দুর্বলতা ছিল। এই দুর্বলতাকে কাজে লাগিয়েই এআই মডেলটি স্যান্ডবক্স থেকে বের হয়ে আসতে সক্ষম হয় এবং পরবর্তীতে হ্যাকিং কার্যক্রম চালায়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় মূল সমস্যা প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়, বরং নিরাপত্তা নকশার ত্রুটি। তাদের মতে, একটি স্যান্ডবক্স পরিবেশের প্রধান শর্তই হলো সম্পূর্ণ বিচ্ছিন্নতা নিশ্চিত করা। সেখানে বাহ্যিক সংযোগের সুযোগ রাখা বড় ধরনের ঝুঁকি তৈরি করে।

ঘটনার পর ওপেনএআই সংশ্লিষ্ট দুর্বলতাটি দায়িত্বশীলভাবে প্রকাশ করেছে এবং সমাধানে কাজ শুরু করেছে বলে জানিয়েছে। তবে এ ঘটনায় এআই গবেষণাগারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, উন্নত এআই মডেল পরীক্ষার ক্ষেত্রে আরও কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন অবকাঠামো নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন