ফোন হারালে যেভাবে ফিরে পাবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হলে একই ফোন নম্বর ব্যবহার করে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা যায়। এ জন্য প্রথমে মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে হারানো সিম বন্ধ করতে হবে এবং একই নম্বরে নতুন সিম তুলতে হবে। এরপর নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করলে হারানো ফোন থেকে স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টটি লগআউট হয়ে যাবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট ফোন নম্বরের সিম কার্ডে প্রবেশাধিকার থাকা জরুরি। কারণ, অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধনের সময় ওই নম্বরে পাঠানো যাচাইকরণ কোড প্রয়োজন হয়। সিম কার্ডে প্রবেশাধিকার না থাকলে সাধারণ পদ্ধতিতে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব নয়।
ফোন হারালে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধারের উপায়
ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত কয়েকটি পদক্ষেপ নিতে হবে।
সিম কার্ড বন্ধ করুন: দ্রুত মোবাইল অপারেটরের সঙ্গে যোগাযোগ করে হারানো সিমটি বন্ধ করে দিন। এতে অন্য কেউ সিম ব্যবহার করে কল বা বার্তা পাঠানোর সুযোগ পাবে না।
একই নম্বরে নতুন সিম তুলুন: মোবাইল অপারেটরের নিয়ম অনুযায়ী একই ফোন নম্বরের নতুন সিম সংগ্রহ করুন।
নতুন সিম চালু করুন: নতুন সিমটি নিজের ডিভাইসে প্রবেশ করিয়ে সক্রিয় করুন।
হোয়াটসঅ্যাপ পুনরায় নিবন্ধন করুন: নতুন ফোনে হোয়াটসঅ্যাপ খুলে নির্দেশনা অনুসরণ করে একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট নিবন্ধন সম্পন্ন করুন।

অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধন করা হলে হারানো বা চুরি হওয়া ফোন থেকে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাবে। তবে ফোন হারানোর কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করলেই পুরোনো সব কথোপকথন ফিরে আসবে, এমন নয়। আগে থেকে চ্যাটের ব্যাকআপ রাখা থাকলে তা পুনরুদ্ধার করা যাবে।
সিম কার্ড না থাকলে কী করবেন
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত সিম কার্ডটি ব্যবহার করতে না পারলে অ্যাকাউন্ট পুনরায় নিবন্ধনের প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। পুরোনো নম্বরের সিম আর নিজের কাছে না থাকলে প্রথমে সেটি পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে।
তবে কেউ যদি নতুন ফোন নম্বর ব্যবহার শুরু করেন, তাহলে হোয়াটসঅ্যাপের ‘চেঞ্জ নম্বর’ সুবিধা ব্যবহার করে অ্যাকাউন্টের তথ্য নতুন নম্বরে স্থানান্তর করা যেতে পারে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত পুরোনো নম্বরে প্রবেশাধিকার না থাকলে কীভাবে স্থানান্তর করা যাবে, তা পরিস্থিতি অনুযায়ী যাচাই করতে হবে।
অ্যাকাউন্ট সুরক্ষায় যেসব বিষয় জানা জরুরি
হোয়াটসঅ্যাপের নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানটি সরাসরি কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দিতে পারে না। কারণ, সংশ্লিষ্ট ফোন নম্বরটির প্রকৃত মালিক কে, তা যাচাই করার সুযোগ তাদের নেই। একই সময়ে একটি ফোন নম্বর দিয়ে একটি ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিবন্ধন করা যায়।
এ ছাড়া হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে হারানো ফোনের অ্যাকাউন্ট থেকে লগআউট করা যায় না। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও হারানো ফোনের অবস্থান শনাক্ত করা সম্ভব নয়।
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের পর নিরাপত্তা বাড়াতে দুই ধাপের যাচাইকরণ চালু করা এবং ই-মেইল ঠিকানা যুক্ত করে রাখা যেতে পারে। পাশাপাশি গুগল অ্যাকাউন্টে চ্যাটের ব্যাকআপ থাকলে নতুন ডিভাইসে তা পুনরুদ্ধার করা যাবে।