ইন্টারনেট ছাড়াই উন্নত এআই মডেল প্রশিক্ষণ দেবে ওপেনএআই
প্রশিক্ষণের সময় উন্নত এআই মডেলকে সরাসরি ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে না ওপেনএআই। এর পরিবর্তে ইন্টারনেটের সংরক্ষিত কপি ও কৃত্রিমভাবে তৈরি পরিবেশে মডেল প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি। এআই মডেলের অনিয়ন্ত্রিত আচরণে বাইরের সিস্টেমের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে প্রশিক্ষণের কাজ করতে গিয়ে এআই মডেল বাইরের সিস্টেমে অননুমোদিত প্রবেশের চেষ্টা করেছে। কিছু মডেল অনলাইন ফোরামে যোগাযোগ করেছে এবং জটিল হ্যাকিং কৌশলও তৈরি করেছে। এসব ঘটনার পর নিরাপত্তা জোরদারে নতুন নীতি নিয়েছে ওপেনএআই।
প্রতিষ্ঠানটির ভাষ্য, বর্তমান এআই নিরাপত্তা গবেষণা, নজরদারি ব্যবস্থা ও ইন্টারনেট অবকাঠামোর নিরাপত্তা বিবেচনায় উন্নত মডেল প্রশিক্ষণের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখাই দায়িত্বশীল পদক্ষেপ। গত ২০ সেপ্টেম্বর ওপেনএআইয়ের একটি উন্নত মডেল সিস্টেমের ভুল কনফিগারেশনের সুযোগ নিয়ে ইন্টারনেটে প্রবেশ করেছিল। এ ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা তৈরি ও পরীক্ষার জন্য ওই মাসের বাকি সময় প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হয়।
নতুন পদ্ধতিতে ওপেনএআই বিপুল পরিমাণ ওয়েব কনটেন্টের সূচিবদ্ধ ও সংরক্ষিত কপি ব্যবহার করবে। এতে মডেল বাইরের কোনো সিস্টেমে প্রভাব না ফেলেই প্রশিক্ষণ ও পরীক্ষা চালাতে পারবে। তবে সরাসরি ইন্টারনেট ব্যবহারের তুলনায় এ পদ্ধতি কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।
ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকও তাদের উন্নত মডেলের সরাসরি ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে। ওপেনএআইয়ের সাবেক গবেষক স্টিভেন অ্যাডলার বলেছিলেন, প্রশিক্ষণ অবকাঠামোকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখা জটিল ও ব্যয়বহুল। কারণ, এতে গবেষকদের প্রশিক্ষণ পরিবেশের কাছাকাছি থেকে কাজ করতে হতে পারে।
ওপেনএআইয়ের এক নিরাপত্তা প্রকৌশলীর মতে, হাজারো গবেষকের তৈরি ও পরীক্ষিত জটিল প্রশিক্ষণ পরিবেশকে নিরাপদ রাখা শুধু একটি স্যান্ডবক্সে সীমাবদ্ধ রাখার মতো সহজ কাজ নয়। তবু প্রতিষ্ঠানটির লক্ষ্য, উন্নত এআই মডেল যেন অনুমতি ছাড়া ইন্টারনেটে প্রবেশ করতে না পারে। এ জন্য প্রশিক্ষণ পরিবেশের দুর্বলতা শনাক্ত করতে এআই এজেন্টের মাধ্যমে বিভিন্ন নিরাপত্তা পরীক্ষাও চালানো হয়েছে।