এআই এজেন্ট নিয়ন্ত্রণে নতুন নিরাপত্তাব্যবস্থা আনল মাইক্রোসফট
প্রতিষ্ঠানের সংবেদনশীল তথ্য ও গুরুত্বপূর্ণ সিস্টেমে প্রবেশাধিকার পাওয়া এআই এজেন্টের ঝুঁকি মোকাবিলায় নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করেছে মাইক্রোসফট। এর মাধ্যমে কর্মীদের ব্যবহৃত এআই এজেন্ট শনাক্ত, তাদের কার্যক্রম পর্যবেক্ষণ এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সুবিধাটির নাম ‘গার্ডিয়ান এজেন্টস’। এটি মাইক্রোসফটের প্রজেক্ট পারসেপশনের অংশ। এর আগে প্রকল্পটি এআইনির্ভর সাইবার হামলা শনাক্ত, নিরাপত্তার দুর্বলতা মূল্যায়ন ও সেগুলো সমাধানের জন্য তৈরি করা হয়েছিল।
মাইক্রোসফটের নিরাপত্তা বিভাগের প্রধান হায়েতে গ্যালট বলেছেন, এআইয়ের সর্বাধুনিক মডেলগুলোকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। কারণ, এগুলো নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য প্রশিক্ষিত হলেও প্রতিষ্ঠানের নিয়ম ও পরিস্থিতি অনুযায়ী বিচারবোধ প্রয়োগে সব সময় নির্ভরযোগ্য নয়। অথচ এসব এজেন্টকে গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল টুল ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাও সতর্ক করেছেন, এআই নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার আশ্বাসের ওপর পুরোপুরি নির্ভর করা উচিত নয়। এআই এজেন্টের কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে নির্মাতা প্রতিষ্ঠানের বাইরে স্বাধীন ব্যবস্থা থাকা প্রয়োজন। তার মতে, এআইয়ের বুদ্ধিমত্তা সরবরাহ এবং তা ব্যবহারের কর্তৃত্ব আলাদা রাখতে হবে।
মাইক্রোসফট ডিফেন্ডারে যুক্ত নতুন সুবিধা কর্মীদের ব্যবহৃত ক্লড কোড, কোডেক্স ও ওপেনক্লোর মতো এজেন্টসহ ৬০ ধরনের এআই এজেন্ট শনাক্ত করতে পারে। পাশাপাশি এজেন্টের তথ্য ও সিস্টেম ব্যবহারের অনুমতি সীমিত করা এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে মানুষের অনুমোদন নেওয়ার ব্যবস্থাও রয়েছে।
এ উদ্যোগে মাইক্রোসফটের ব্যবসায়িক স্বার্থও রয়েছে। প্রতিষ্ঠানটি ওপেনএআই ও অ্যানথ্রপিকের বিনিয়োগকারী এবং নিজেও এআই মডেল তৈরি করে। একই সঙ্গে এআই এজেন্টের নিরাপত্তা পণ্য বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সেবা ব্যবহারে উৎসাহিত করতে পারে।
এদিকে এআই এজেন্টের ঝুঁকি নিয়ন্ত্রণে প্রযুক্তি খাতেও উদ্যোগ বাড়ছে। এনভিডিয়ার নতুন ওপেন এজেন্ট সেফটি প্ল্যাটফর্মে মাইক্রোসফটসহ শতাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান সমর্থন জানিয়েছে। প্ল্যাটফর্মটি নিরাপদ পরিবেশে এজেন্টের কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রয়োজনে তা থামানোর ব্যবস্থা করবে।