এআইয়ের চাহিদায় চীনে সার্ভার সিপিইউ সংকট, যৌথ চুক্তিতে ইন্টেল ও এএমডি
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের চাহিদা দ্রুত বাড়তে থাকায় চীনে সার্ভার সিপিইউর বাজারে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল এবং এএমডি চীনা গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্রগুলোর মতে, এসব চুক্তিতে নির্দিষ্ট পরিমাণ পণ্য সরবরাহ নিশ্চিত করা হলেও দাম নির্ধারণ করা হচ্ছে না। অধিকাংশ চুক্তি এক বছরের জন্য হলেও কিছু ক্ষেত্রে দুই বছর বা তার বেশি সময়ের সরবরাহ নিয়েও আলোচনা চলছে।
এআই ডেটা সেন্টারের সম্প্রসারণের ফলে শুধু গ্রাফিক্স প্রসেসর নয়, সাধারণ সার্ভার সিপিইউ, মেমোরি ও নেটওয়ার্কিং যন্ত্রপাতির চাহিদাও বেড়েছে। এর ফলে সরবরাহকারীরা এখন ক্রেতাদের কাছ থেকে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি নিতে পারছে।
চীনে সার্ভার সিপিইউর দাম ইতোমধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে। কিছু পণ্যের ক্ষেত্রে মাসে ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়ছে, আর বছরের শুরু থেকে নির্দিষ্ট কিছু সিপিইউর দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, সিপিইউ সরবরাহ সংকুচিত হলে চীনের ক্লাউড সেবা প্রদানকারী ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর খরচ বাড়তে পারে এবং এআই অবকাঠামো সম্প্রসারণের গতি কিছুটা ধীর হয়ে যেতে পারে।
এর আগে জানা গেছে, কিছু সিপিইউর ক্ষেত্রে গ্রাহকদের ছয় মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এ অবস্থায় বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠছে।
বিশ্বের অন্যতম বড় সার্ভার বাজার হিসেবে চীনে দ্রুতগতিতে ডেটা সেন্টার, এআই কম্পিউটিং ক্লাস্টার ও জাতীয় অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। ফলে ইন্টেল ও এএমডির প্রসেসরের চাহিদা আরও বাড়ছে, যদিও উন্নত এআই জিপিইউর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ চীনা ক্রেতাদের জন্য আলাদা চ্যালেঞ্জ তৈরি করছে।
সূত্র : রয়টার্স