স্পেসএক্স ও টেসলার একীভূতকরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২১

স্পেসএক্স ও টেসলার একীভূতকরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা

ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার সম্ভাব্য একীভূতকরণের বিষয়টি পর্যালোচনা করতে বিশেষ কমিটি গঠন করেছে প্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদ। শেয়ারহোল্ডারদের অনুরোধে গঠিত এসব কমিটিতে রয়েছেন স্বাধীন পরিচালকরা। তবে একীভূতকরণের শর্ত নিয়ে এখনো কোনো সমঝোতা হয়নি।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ অক্টোবর স্পেসএক্সের তৃতীয় প্রান্তিকের আয়বিষয়ক সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং দুই প্রতিষ্ঠানেরই বৃহত্তম ব্যক্তিগত শেয়ারহোল্ডার ইলন মাস্ক। স্বার্থের সংঘাত থাকায় কমিটিগুলোর আলোচনায় তিনি অংশ নিতে পারবেন না বলেও জানান মাস্ক।

তিনি বলেন, দুই প্রতিষ্ঠানের বিশেষ কমিটি আলাদাভাবে আলোচনা করছে। এ প্রক্রিয়ায় তার সরাসরি অংশ নেওয়ার সুযোগ নেই। ফলে পুরো বিষয়টিকে কিছুটা অস্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন তিনি।

টেসলার ১৯ অক্টোবরের প্রক্সি ফাইলিং অনুযায়ী, নাসডাকের তালিকাভুক্তির মানদণ্ড অনুসারে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সাতজন স্বাধীন পরিচালক রয়েছেন। তাদের মধ্যে আছেন পর্ষদ চেয়ারম্যান রবিন ডেনহোম, ইরা এহরেনপ্রেইস, সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা জেবি স্ট্রাউবেল, জো গেবিয়া, জ্যাক হার্টাং, জেমস মারডক ও ক্যাথলিন উইলসন-থম্পসন। তবে এই সাতজনের মধ্যে কারা বিশেষ কমিটিতে রয়েছেন, তা মাস্ক জানাননি।

স্পেসএক্সের পরিচালনা পর্ষদে ছয়জন স্বাধীন পরিচালক রয়েছেন। তারা হলেন ইরা এহরেনপ্রেইস, র‌্যান্ডি গ্লেইন, ডোনাল্ড হ্যারিসন, স্টিভ জারভেটসন, লুক নোসেক ও রোলেফ বাউথা। এহরেনপ্রেইস প্রতিষ্ঠানটির পারিশ্রমিক ও মনোনয়ন কমিটিরও চেয়ারম্যান।

মাস্ক ও তার ভাই কিম্বল মাস্ক টেসলার স্বাধীন পরিচালক নন। একইভাবে স্পেসএক্সের প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা গুইন শটওয়েল এবং অ্যান্টোনিও গার্সিয়াসও প্রতিষ্ঠানটির স্বাধীন পরিচালক হিসেবে বিবেচিত নন। গার্সিয়াস ভ্যালর ইকুইটি পার্টনার্সের প্রতিষ্ঠাতা ও প্রধান। প্রতিষ্ঠানটির স্পেসএক্সে ৩ দশমিক ৪ শতাংশ মালিকানা রয়েছে। এ ছাড়া লিজব্যাক ব্যবস্থার মাধ্যমে স্পেসএক্সের এআই হার্ডওয়্যার কেনার অর্থায়নেও প্রতিষ্ঠানটি যুক্ত ছিল।

মাস্ক সম্ভাব্য একীভূতকরণের ধারণাকে সমর্থন করলেও এটি নিশ্চিত নয় বলে সতর্ক করেছেন। তাঁর মতে, স্পেসএক্স ও টেসলার একীভূতকরণ হবেই, এমন ধারণা করা বাড়াবাড়ি। তবে উদ্যোগটি সফল হলে ভালো ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদের সমর্থন গুরুত্বপূর্ণ হবে।

মাস্ক জানান, সম্ভাব্য লেনদেনের শর্ত নিয়ে বিশেষ কমিটিগুলো এখনো একমত হতে পারেনি। স্পেসএক্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পর প্রতিষ্ঠানটিতে মাস্কের নিয়ন্ত্রণ আরও সুসংহত হয়েছে। বর্তমানে কোম্পানিটির ৫০ শতাংশের বেশি ভোটাধিকার তাঁর হাতে। ফলে স্পেসএক্সের শেয়ারহোল্ডারদের সমর্থন পাওয়া তুলনামূলক সহজ হতে পারে।

অন্যদিকে টেসলার ক্ষেত্রে বাধা বেশি। মাস্কের ভাষ্য অনুযায়ী, একীভূতকরণের জন্য টেসলার সব শেয়ারহোল্ডারের কাছ থেকে ৫০ শতাংশ ভোট পেতে হবে। শুধু ভোটদানে অংশ নেওয়া শেয়ারহোল্ডারদের সমর্থন পেলেই চলবে না।

মাস্কের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের বর্তমান পর্যায়ে দুই প্রতিষ্ঠানকে একীভূত করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। এআই সফটওয়্যার, রোবোটিকস, স্পেসএক্সের কক্ষপথভিত্তিক এআই ডেটা সেন্টার প্রকল্প ‘স্টারমাইন্ড’ এবং টেসলা ও স্পেসএক্সের যৌথ চিপ উৎপাদন প্রকল্প ‘টেরাফ্যাব’ উন্নয়নে একসঙ্গে কাজ করলে উভয় প্রতিষ্ঠানই লাভবান হতে পারে বলে মনে করেন তিনি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন