অ্যালুমিনিয়াম ফয়েল কি সত্যিই ওয়াই-ফাই সিগন্যালের দিক পরিবর্তন করে?

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১৭:৩৫

অ্যালুমিনিয়াম ফয়েল কি সত্যিই ওয়াই-ফাই সিগন্যালের দিক পরিবর্তন করে?
ছবি : টাইমস অব ইন্ডিয়া

অ্যালুমিনিয়াম ফয়েল সাধারণত রান্নাঘরের কাজে ব্যবহৃত হলেও গবেষকেরা দেখিয়েছেন এটি ঘরের ওয়াই-ফাই সিগন্যাল নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। রাউটারের পেছনে বিশেষভাবে সাজানো অ্যালুমিনিয়াম ফয়েল বসালে সিগন্যাল ঘরের ভেতরে বেশি ছড়িয়ে দেওয়া যায় এবং বাইরে অপ্রয়োজনীয়ভাবে ছড়িয়ে পড়া কমানো সম্ভব।

এটি সিগন্যালকে শক্তিশালী করার পদ্ধতি নয়, বরং নির্দিষ্ট দিকে পরিচালিত করার কৌশল। সাধারণত রাউটার চারদিকে সমানভাবে সিগন্যাল ছড়ায়। কিন্তু ফয়েল রিফ্লেক্টর ব্যবহার করলে প্রয়োজনীয় কক্ষগুলোতে কভারেজ বাড়ে এবং বাইরের দিকে সিগন্যাল লিকেজ কমে। এতে পারফরম্যান্স ও গোপনীয়তা, দুইই উন্নত হতে পারে।

এক টুকরো ফয়েলেই সিগন্যাল নিয়ন্ত্রণ

সাধারণ ওয়াই-ফাই রাউটার অনেকটা খোলা বাল্বের মতো চারদিকে সিগন্যাল ছড়ায়। ফলে এর একটি অংশ পাশের ফ্ল্যাট, করিডোর বা রাস্তা পর্যন্ত পৌঁছে যায়, যা ব্যবহারকারীর কাজে আসে না।

এই সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের গবেষকেরা ‘WiPrint’ নামে একটি পদ্ধতি তৈরি করেন। এতে থ্রিডি প্রিন্ট করা প্লাস্টিকের ওপর অ্যালুমিনিয়ামের পাতলা প্রলেপ দিয়ে কাস্টম রিফ্লেক্টর বানানো হয়, যা ঘরের গঠন অনুযায়ী সিগন্যালকে নির্দিষ্ট দিকে পরিচালিত করে।

গবেষণায় কার্যকারিতার প্রমাণ

গবেষণায় দেখা গেছে, লক্ষ্যস্থানে সিগন্যাল শক্তি প্রায় ৬ ডেসিবেল পর্যন্ত বাড়ানো সম্ভব এবং অপ্রয়োজনীয় জায়গায় ১০ ডেসিবেল পর্যন্ত কমানো যায়। একই সঙ্গে ওয়্যারলেস গতিও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি সম্পূর্ণ প্যাসিভ প্রযুক্তি। এতে কোনো বিদ্যুৎ, সফটওয়্যার আপডেট বা অতিরিক্ত কনফিগারেশনের প্রয়োজন হয় না। এটি শুধু রেডিও তরঙ্গের পথ পরিবর্তন করে, ফলে বিদ্যমান সিগন্যাল আরও কার্যকরভাবে ব্যবহৃত হয়।

ভেতরে শক্তিশালী সিগন্যাল, বাইরে কম ছড়ানো

ওয়াই-ফাই সিগন্যাল নিয়ন্ত্রণের একটি বড় সুবিধা হলো নিরাপত্তা। যদিও WPA3-এর মতো এনক্রিপশনই মূল সুরক্ষা দেয়, তবু সিগন্যাল কম বাইরে ছড়ালে বাইরের ডিভাইসের পক্ষে নেটওয়ার্ক শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এছাড়া প্রয়োজনীয় স্থানে সিগন্যাল বেশি কেন্দ্রীভূত হলে একই রাউটার দিয়েই আরও স্থিতিশীল সংযোগ পাওয়া যায়, যা ব্যবহার অভিজ্ঞতা উন্নত করে।

সিগন্যাল বাড়ানো নয়, নিয়ন্ত্রণই কৌশল

গবেষকেরা বলছেন, এটি সাইবার নিরাপত্তার বিকল্প নয়। নিরাপদ পাসওয়ার্ড, নিয়মিত আপডেট এবং আধুনিক এনক্রিপশন ব্যবহারের পাশাপাশি এই পদ্ধতি সহায়ক ভূমিকা রাখতে পারে।

বর্তমানে স্মার্ট ডিভাইসের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ওয়্যারলেস সিগন্যাল নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই ভবিষ্যতে শুধু সিগন্যাল বাড়ানো নয়, সেটিকে সঠিকভাবে পরিচালনাই হতে পারে মূল কৌশল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন