এআই প্ল্যাটফর্মে ডেটা শেয়ার নিয়ে সতর্ক করলেন সত্য নাদেলা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১৫:২৮

এআই প্ল্যাটফর্মে ডেটা শেয়ার নিয়ে সতর্ক করলেন সত্য নাদেলা
ছবি : রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা। তার ভাষ্য, এআই ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো শুধু অর্থই খরচ করছে না, অজান্তেই নিজেদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক তথ্য প্রযুক্তি কোম্পানির হাতে তুলে দিচ্ছে, যা ভবিষ্যতে হুমকি হতে পারে।

 রবিবার (১২ জুলাই) প্রকাশিত এক ব্লগপোস্টে নাদেলা বলেন, এআই ব্যবহারকারীরা ‘দুইবার মূল্য দিচ্ছে’, একবার টোকেন ব্যবহারের জন্য অর্থ দিয়ে, আরেকবার নিজেদের গোপন জ্ঞান শেয়ার করে। তাঁর মতে, ভালো ফল পেতে এআই মডেলকে বেশি সংবেদনশীল তথ্য দিতে হয়।

নাদেলা বলেন, ‘প্রম্পট, ব্যবহৃত টুলস ও ভুল সংশোধনের মাধ্যমে মডেলগুলো ধীরে ধীরে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জ্ঞান আত্মস্থ করে নেয়। তার ভাষায়, প্রতিটি সংশোধনই শেষ পর্যন্ত জ্ঞানভাণ্ডারের অংশ হয়ে যায়।’

এই তথ্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান সাধারণভাবে কিনতে পারত না, অথচ এখন কোম্পানিগুলো নিজেরাই তা দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে জেসন কালাকানিস ও অ্যালেক্স কার্পও একই আশঙ্কা জানিয়েছিলেন।

নাদেলার মতে, এআই কোম্পানিগুলো যদি উন্মুক্ত ইন্টারনেট থেকে তথ্য নিয়ে মডেল প্রশিক্ষণ দিতে পারে, তবে ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোরও সেই মডেল বিশ্লেষণ বা ডিস্টিল করার অধিকার থাকা উচিত। একদিকে উন্মুক্ত তথ্য ব্যবহার, অন্যদিকে বিশ্লেষণে বাধা দেওয়া, এটি দ্বৈত মানদণ্ড

বিশেষ করে যখন নির্মাতারা গ্রাহকের ডেটা ও ব্যবহারের তথ্য থেকে শেখার অধিকার রাখে, তখন বিষয়টি আরও উদ্বেগজনক হয়ে ওঠে বলে তিনি মনে করেন।

সমাধান হিসেবে নাদেলা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ডেটার মালিকানা ধরে রাখার পরামর্শ দেন। প্রম্পট ও প্রতিক্রিয়াসহ সব ডেটা নিজেদের নিয়ন্ত্রণে রেখে ক্লাউডে স্বত্বাধিকারভিত্তিক লার্নিং এনভায়রনমেন্ট গড়ার কথা বলেন। পাশাপাশি অর্কেস্ট্রেশন লেয়ার তৈরির পরামর্শ দেন, যাতে সহজে একাধিক এআই মডেল ব্যবহার করা যায়।

প্রযুক্তি খাতে ইতোমধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে। অনেক প্রতিষ্ঠান নিজস্ব ডেটা সেন্টারে ওপেন সোর্স এআই মডেল ব্যবহার শুরু করেছে। সলো.আইও’র প্রধান নির্বাহী ইডিট লেভিন বলেন, কম খরচে প্রায় একই সক্ষমতার ওপেন সোর্স মডেলের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানগুলো।

ভার্সেল ও ওপেনরাউটারও একই প্রবণতা দেখছে। ভার্সেলের তথ্য অনুযায়ী, গত মাসে তাদের প্ল্যাটফর্মে মোট ট্রাফিকের প্রায় ২৯ শতাংশই এসেছে ওপেন সোর্স মডেলে

মাইক্রোসফট নিজেই ওপেনএআই ও অ্যানথ্রপিকে বিনিয়োগকারী হলেও নাদেলার এই মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। তার মতে, আপনি যখন বুদ্ধিমত্তা ব্যবহার করছেন, তখন একই সঙ্গে নতুন বুদ্ধিমত্তাও তৈরি করছেন, আর সেই সৃষ্টি আপনারই হওয়া উচিত।

'টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন