অ্যান্ড্রয়েডে ডিফল্ট সার্চ নিয়ে তদন্তের মুখে গুগল
সুইজারল্যান্ডের প্রতিযোগিতা কমিশন অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন নির্বাচন সুবিধা বাতিলের অভিযোগে গুগলের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
সম্প্রাতি সুইজারল্যান্ডের প্রতিযোগিতা কমিশন জানায়, নতুন ফোন সেটআপের সময় ব্যবহারকারীদের বিকল্প সার্চ ইঞ্জিন বেছে নেওয়ার ‘চয়েস স্ক্রিন’ ফিচারটি সুইজারল্যান্ডের ব্যবহারকারীদের জন্য আর উপলব্ধ নেই।
এই ফিচারটি ইউরোপের অন্যান্য দেশে এখনো চালু থাকলেও সুইস ব্যবহারকারীরা সেটআপের সময় সরাসরি গুগল সার্চকে ডিফল্ট হিসেবে পাচ্ছেন। ফলে বিকল্প সার্চ ইঞ্জিন ব্যবহারের সুযোগ সীমিত হয়ে যাচ্ছে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সুইজারল্যান্ডের প্রতিযোগিতা কমিশন জানায়, ডিজিটাল বাজারে ডিফল্ট সেটিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের পরিবর্তন প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিনগুলোর দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে এবং প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
সংস্থাটির মতে, গুগলের এই পদক্ষেপ শুধু সার্চ ইঞ্জিন নয়, অন্যান্য ডিজিটাল সেবা প্রদানকারীদের প্রতিযোগিতার সক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। পাশাপাশি, এটি সুইজারল্যান্ডের ব্যবহারকারীদের সঙ্গে ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের ব্যবহারকারীদের মধ্যে বৈষম্য তৈরি করছে।
প্রাথমিক এই তদন্তের মাধ্যমে সুইস কার্টেল আইনের অধীনে কোনো বেআইনি প্রতিযোগিতার ইঙ্গিত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
গুগল জানিয়েছে, তারা তদন্তের বিষয়ে অবগত এবং কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। এক মুখপাত্র বলেন, তাদের প্রশ্নের উত্তর দিতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত।
স্ট্যাটকাউন্টার নামের একটি ওয়েব অ্যানালিটিকস প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের অনলাইন সার্চ বাজারে গুগলের দখল প্রায় ৮২ শতাংশ, যা দেশটিতে তাদের শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে।