অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:০৫

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহারে মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ছবি ও ভিডিও নির্দিষ্ট অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো বা ৮৮৭ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ। দেশটিতে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা বড় অঙ্কের জরিমানাগুলোর একটি এটি। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা।

বার্তা সংস্থা এএফপির বরাতে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে ইতালির ব্যবহারকারীদের ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেছে মেটা। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের কাছ থেকে নির্দিষ্ট সম্মতি নেওয়া হয়নি এবং তথ্য ব্যবহারের বিষয়টিও যথাযথভাবে জানানো হয়নি বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

মেটার এক মুখপাত্র জরিমানার সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন এবং জরিমানার অঙ্ক কোনোটিই তারা গ্রহণ করছে না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে।

২০২৩ সাল থেকে ফেসবুকে ‘গ্যালারি সাজেশন’ নামে একটি সুবিধা চালু রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুক ব্রাউজ করার সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্টের ধারণা হিসেবে দেখতে পান।

ইতালির নিয়ন্ত্রক সংস্থার মতে, ফেসবুক পুরো অ্যাপের জন্য একবারের অনুমতি চেয়েছিল। এর আগে দেওয়া সাধারণ একটি বিজ্ঞপ্তিতে অন্য কিছু সুবিধা চালুর কথা বলা হলেও ফোনের গ্যালারি থেকে ছবি-ভিডিও ব্যবহারের বিষয়টি স্পষ্ট করা হয়নি। ফলে ব্যবহারকারীরা বুঝতে পারেননি, ওই অনুমতি দেওয়ার মাধ্যমে তারা গ্যালারির ছবি ও ভিডিও ব্যবহারের সম্মতিও দিচ্ছেন।

নিয়ন্ত্রক সংস্থাটি এখন মেটাকে এ সুবিধার জন্য আলাদা ও সুনির্দিষ্ট অনুমতি নিতে বলেছে। পাশাপাশি ছবি-ভিডিও ব্যবহারের উদ্দেশ্য এবং সুবিধাটি বন্ধ করার পদ্ধতিও ব্যবহারকারীদের স্পষ্টভাবে জানাতে হবে।

জরিমানার অঙ্ক নির্ধারণে ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মের সময়কাল এবং তদন্তে মেটার অসহযোগিতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। যেসব ব্যবহারকারী অ্যাপ হালনাগাদ করেননি এবং যারা আগে থেকেই এ ব্যবস্থায় সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রে অনিয়ম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেটার ২০২৫ সালের বার্ষিক আয় ছিল ২০১ বিলিয়ন মার্কিন ডলার এবং নিট মুনাফা ৬০ দশমিক ৫ বিলিয়ন ডলার। জরিমানার পরিমাণ প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ।

এর আগে গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ তথ্য ব্যবহারের বিষয়ে বাসিন্দাদের এক দশকের বেশি সময় ধরে বিভ্রান্ত করার অভিযোগে মেটাকে ২৫ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা করার নির্দেশ দেয়। প্রতিষ্ঠানটি ওই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিল, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর কর আরোপের মতো।

প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতালিতে এর আগেও বড় অঙ্কের জরিমানা হয়েছে। ২০২১ সালে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের দায়ে অ্যামাজনকে ১ দশমিক ১ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা করা হয়েছিল। আপিলের পর ওই জরিমানার অঙ্ক কমে ৭৫২ মিলিয়ন ইউরোতে দাঁড়ায়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন