রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, গুলিতে আহত দুই কর্মী
রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রামপুরার ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক টেকনোলজি’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান হাবিবুর রহমান (২৭) ও সাজু আহমেদ (২৮)। তাদের মধ্যে হাবিবুরের বাঁ হাতে এবং সাজুর ডান পায়ে গুলি লেগেছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
প্রতিষ্ঠানটির রামপুরা শাখার ব্যবস্থাপক মাজহারুল ইসলাম জানান, ঘটনার সময় হাবিবুর ও সাজুসহ কয়েকজন কার্যালয়ে বসে কাজ করছিলেন। হঠাৎ চারজন দুর্বৃত্ত সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এক থেকে দুই মিনিটের মধ্যে তারা পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
মাজহারুল ইসলামের অভিযোগ, দুই সপ্তাহ আগে স্থানীয় বাদশা, জনি ও তাদের সহযোগীরা প্রতিষ্ঠানটির মালিক শরিফুল ইসলামের কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদা না দেওয়ায় এই হামলা হয়েছে বলে তাদের ধারণা।
হাসপাতালে চিকিৎসাধীন সাজু আহমেদ জানান, দুর্বৃত্তদের তিনজন কার্যালয়ের ভেতরে ঢুকেছিল এবং একজন বাইরে পাহারায় ছিল। ভেতরে ঢুকেই তারা প্রতিষ্ঠানটির কর্মীদের উদ্দেশে বলে, ‘তোদেরকে এখানে ব্যবসা করতে নিষেধ করেছি, এখনও বন্ধ করিস নাই কেন?’ এরপরই তারা গুলি চালিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকদের বরাত দিয়ে জানান, গুলিবিদ্ধ দুজন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।