ছবি ও ভিডিও গ্যালারিতে জমা হবে না হোয়াটসঅ্যাপের যে সুবিধায়
হোয়াটসঅ্যাপে ছবি, ভিডিও ও ভয়েস মেসেজ এমনভাবে পাঠানো যায়, যা প্রাপক মাত্র একবার দেখতে বা শুনতে পারবেন। ‘ভিউ ওয়ান্স’ নামের এই সুবিধায় বার্তা খোলার পর সেটি আর দেখা বা শোনা যায় না। সংবেদনশীল বা সাময়িক তথ্য আদান-প্রদানে বাড়তি গোপনীয়তা নিশ্চিত করতেই এ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
‘ভিউ ওয়ান্স’ সুবিধায় পাঠানো ছবি ও ভিডিও প্রাপকের ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয় না। এগুলো অন্য কারও কাছে পাঠানো, শেয়ার বা কপি করাও যায় না। পাশাপাশি অ্যাপের মাধ্যমে স্ক্রিনশট নেওয়া ও স্ক্রিন রেকর্ডিংও বন্ধ থাকে।
একবার দেখার ছবি ও ভিডিও পাঠানোর নিয়ম
- হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গ্রুপ কথোপকথন খুলুন।
- সংযুক্তি আইকনে ট্যাপ করে ক্যামেরা দিয়ে নতুন ছবি বা ভিডিও তুলুন। চাইলে গ্যালারি থেকে ছবি বা ভিডিও বেছে নিন।
- একবার দেখার আইকনে ট্যাপ করুন। আইকনটি সবুজ হলে বুঝবেন সুবিধাটি চালু হয়েছে।
- এবার পাঠানোর বোতামে চাপ দিন।
একবার শোনার ভয়েস মেসেজ পাঠানোর নিয়ম
- কথোপকথন খুলে মাইক্রোফোন আইকনে চাপ দিয়ে ওপরের দিকে টেনে রেকর্ডিং চালু করুন।
- রেকর্ডিংয়ের সময় একবার দেখার আইকনে ট্যাপ করুন। আইকনটি সবুজ হলে সুবিধাটি চালু হবে।
- এবার ভয়েস মেসেজ পাঠিয়ে দিন।
ছবি, ভিডিও ও ভয়েস মেসেজ খোলার নিয়ম
প্রাপককে পাঠানো একবার দেখার ছবি বা ভিডিও খুলতে বার্তাটিতে ট্যাপ করতে হবে। ভয়েস মেসেজ শুনতেও একইভাবে সেটিতে ট্যাপ করতে হবে। দেখা বা শোনা শেষ হলে বাঁ দিকের তীরচিহ্নে চাপ দিয়ে বের হওয়া যাবে।
বার্তাটি একবার খোলা বা শোনা হলে কথোপকথনে ‘ওপেনড’ লেখা দেখা যাবে। এরপর সেটি আর খোলা যাবে না। দেখা বা শোনা কোনো ছবি, ভিডিও কিংবা ভয়েস মেসেজ ফোনে সংরক্ষিতও হবে না।
তবে ভিউ ওয়ান্স সুবিধা শতভাগ গোপনীয়তা নিশ্চিত করে না। বার্তাটি অদৃশ্য হওয়ার আগে কেউ অন্য কোনো ফোন বা ক্যামেরা দিয়ে ছবি কিংবা ভিডিও ধারণ করতে পারেন। তাই সংবেদনশীল তথ্য পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।