অ্যাপ ও গেমে গ্রাহককে ফাঁদে ফেলার কৌশল বন্ধে ইইউর উদ্যোগ
অ্যাপ ও অনলাইন সেবায় গ্রাহকদের বেশি অর্থ খরচে প্রলুব্ধ করা এবং শিশুদের ক্ষতিকর ডিজিটাল অভিজ্ঞতা থেকে সুরক্ষায় নতুন আইন প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ডিজিটাল ফেয়ারনেস অ্যাক্ট (ডিএফএ) নামের প্রস্তাবিত আইনে ডার্ক প্যাটার্ন, শিশুদের লক্ষ্য করে বিজ্ঞাপন, গেমের লুট বক্স এবং সহজে বাতিল করা যায় না এমন সাবস্ক্রিপশন ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আইন লঙ্ঘনকারী প্রযুক্তি প্রতিষ্ঠানকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। এনগ্যাজেটের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ইউরোপীয় কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, অনলাইনে পণ্য ও সেবার মূল্য স্পষ্টভাবে জানাতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার টিকিটের ক্ষেত্রেও মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত বা বাধ্যতামূলক ব্যয়ের দিকে ঠেলে দেয় এমন আসক্তিকর নকশার সুবিধা বন্ধ করার সুযোগ দিতে হবে গ্রাহকদের।
গেমে অর্থ খরচ করে জেতার সুবিধা বা পে-টু-উইন ব্যবস্থা, লুট বক্স এবং বারবার কেনাকাটার প্রলোভন দেখানোর মতো বিষয়ও নিয়ন্ত্রণের আওতায় আসবে। বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের অতিরিক্ত অর্থ ব্যয়ে উৎসাহিত করে এমন পদ্ধতি বন্ধ করতে চায় ইইউ।
প্রস্তাবিত আইনে ইনফ্লুয়েন্সারদের প্রচারণায় স্বচ্ছতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। কোনো কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হলে তা স্পষ্টভাবে জানাতে হবে। পাশাপাশি শিশুদের লক্ষ্য করে ব্যক্তিকেন্দ্রিক বিজ্ঞাপন ও মূল্য নির্ধারণের অন্যায্য চর্চা বন্ধ এবং সহজে বাতিল করা যায় না এমন সাবস্ক্রিপশন ব্যবস্থা বা ‘সাবস্ক্রিপশন ট্র্যাপ’ নিষিদ্ধ করার প্রস্তাব রয়েছে।
আইনটি কার্যকর হলে এর প্রয়োগের ক্ষমতা আরও কেন্দ্রীয়ভাবে পরিচালনা করতে পারবে ইউরোপীয় কমিশন। বর্তমানে সদস্যদেশগুলোর মধ্যে আইন প্রয়োগের দায়িত্ব ভাগ করা রয়েছে। নতুন প্রস্তাবে কমিশনকে বড় পরিসরের এবং গ্রাহকদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে এমন ঘটনায় সরাসরি তদন্তের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। এতে সদস্যদেশগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং ইউরোপের বাইরের প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সহজ হবে।
এ উদ্যোগের ফলে ইউরোপের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে আইন প্রয়োগের যে ব্যবস্থা রয়েছে, তা কমে আসতে পারে। একই সঙ্গে অ্যাপল, গুগল, মেটা ও মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ইউরোপীয় কার্যক্রমের ওপর নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়তে পারে। আয়ারল্যান্ডে এসব প্রতিষ্ঠানের ইউরোপীয় কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ রয়েছে।
সম্প্রতি জাতিসংঘের বিশেষজ্ঞদের এক প্রতিবেদনে আয়ারল্যান্ডের তথ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অনাকাঙ্ক্ষিত প্রভাব বিস্তারের ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে।