ম্যাকবুক প্রো এম৬: দুর্দান্ত গতি ও ব্যাটারি, তবে নকশায় পুরোনো
অ্যাপলের নতুন ম্যাকবুক প্রো এম৬ মডেলে প্রসেসরের গতি ও গ্রাফিকস সক্ষমতা বেড়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ডিসপ্লে, মানসম্মত কিবোর্ড ও ট্র্যাকপ্যাডের কারণে এটি শক্তিশালী ল্যাপটপ। তবে আগের নকশা, বেশি দাম এবং নতুন ওএলইডি ডিসপ্লেযুক্ত মডেলের আগমনে এটি বাজারে বেশিদিন টিকবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রযুক্তিবিষয়ক সম্পাদক স্যামুয়েল গিবসের পর্যালোচনা অনুযায়ী, ম্যাকবুক প্রো সিরিজের প্রাথমিক মডেলটির দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯৯ পাউন্ড থেকে। ইউরোপে ২ হাজার ২৯৯ ইউরো, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৯৯৯ মার্কিন ডলার এবং অস্ট্রেলিয়ায় ৩ হাজার ১৯৯ অস্ট্রেলীয় ডলার। আগের মডেলের তুলনায় দাম বেড়েছে ৩০০ পাউন্ড। মেমোরি চিপের দাম বৃদ্ধির প্রভাবও এতে পড়েছে।
ল্যাপটপটির অ্যালুমিনিয়ামের কাঠামো ও নকশায় বড় কোনো পরিবর্তন নেই। ২০২১ সালে প্রথম চালু হওয়া নকশাটিই ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১৪ দশমিক ২ ইঞ্চির মিনি এলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। সাধারণ ব্যবহারে ডিসপ্লের উজ্জ্বলতা সর্বোচ্চ ১ হাজার নিট এবং এইচডিআর কনটেন্টে ১ হাজার ৬০০ নিট পর্যন্ত পৌঁছায়। নতুন নকশার ওএলইডি ডিসপ্লেযুক্ত ম্যাকবুক প্রো ছাড়া এ ডিসপ্লের মানকে ছাড়িয়ে যাওয়া কঠিন।

এম৬ চিপে বাড়তি গতি ও দীর্ঘ ব্যাটারি
অ্যাপলের নতুন এম৬ চিপ আগের প্রজন্মের এম৫ চিপের তুলনায় দৈনন্দিন কাজে প্রায় ১১ শতাংশ এবং একাধিক কোরনির্ভর জটিল কাজে ২৪ শতাংশ দ্রুত। গ্রাফিকস সক্ষমতা বেড়েছে সর্বোচ্চ ৫৭ শতাংশ। ফলে ছবি সম্পাদনা ও অন্যান্য সৃজনশীল কাজে ল্যাপটপটি ভালো পারফরম্যান্স দিতে পারে। তবে সাধারণ কাজে বাড়তি গতির পার্থক্য খুব বেশি চোখে পড়ে না।
ব্যাটারি সক্ষমতা এ মডেলের অন্যতম বড় আকর্ষণ। হালকা কাজে একবার চার্জে প্রায় তিন দিন ব্যবহার করা যায়। ব্রাউজিং, বার্তা আদান-প্রদান, নোট লেখা ও ওয়ার্ড প্রসেসিংয়ের মতো কাজে এ সুবিধা পাওয়া যায়। ছবি সম্পাদনা ও উন্নয়নমূলক কাজের মতো তুলনামূলক ভারী কাজেও ব্যাটারি প্রায় দুই দিন টিকেছে।

ল্যাপটপটিতে তিনটি থান্ডারবোল্ট ৪ বা ইউএসবি ৪ পোর্ট, এইচডিএমআই ২.১, এসডি কার্ড স্লট, হেডফোন জ্যাক ও ম্যাগসেফ চার্জিং সুবিধা রয়েছে। এ ছাড়া ১২ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬ এবং থ্রেড সমর্থন রয়েছে। ওজন ১ দশমিক ৫৫ কেজি।
পরিবেশবান্ধব উপকরণ ও মেরামত সুবিধা
অ্যাপলের তথ্য অনুযায়ী, ম্যাকবুক প্রো এম৬ তৈরিতে ৪৫ শতাংশ পুনর্ব্যবহৃত উপকরণ ব্যবহার করা হয়েছে। ব্যাটারি এক হাজারবারের বেশি পূর্ণ চার্জ চক্র সহ্য করার উপযোগী। অ্যাপলের মাধ্যমে ২২৫ পাউন্ডে ব্যাটারি পরিবর্তন করা যায়। প্রতিষ্ঠানটি মেরামতের নির্দেশিকাও প্রকাশ করেছে এবং পুরোনো যন্ত্র বিনিময় ও পুনর্ব্যবহারের সুবিধা দেয়।
দাম ও মূল্যায়ন
গিবসের মূল্যায়নে, এম৬ ম্যাকবুক প্রো শক্তিশালী ও দীর্ঘ ব্যাটারির একটি ল্যাপটপ হলেও এর দাম তুলনামূলক বেশি। একই সিরিজের ১৪ ইঞ্চির এম৫ প্রো মডেলের দাম ২ হাজার ৪৯৯ পাউন্ড, নতুন ওএলইডি ডিসপ্লেযুক্ত ম্যাকবুক প্রোর দাম শুরু ২ হাজার ৮৯৯ পাউন্ড থেকে। অন্যদিকে, ১৩ ইঞ্চির ম্যাকবুক এয়ারের দাম ১ হাজার ২৯৯ পাউন্ড।
এম৬ মডেলের বড় সুবিধা হলো দ্রুতগতির চিপ, দীর্ঘ ব্যাটারি, উন্নত ডিসপ্লে, ভালো কিবোর্ড ও ট্র্যাকপ্যাড এবং পর্যাপ্ত সংযোগ পোর্ট। তবে এতে ফেস আইডি ও ইউএসবি-এ পোর্ট নেই। কেনার পর র্যাম বা এসএসডি স্টোরেজ বাড়ানোর সুযোগও নেই। আগের এম৫ মডেলের তুলনায় উন্নতিও খুব বেশি নয়।

পর্যালোচকের মতে, ম্যাকবুক প্রো এম৬ মূলত তাদের জন্য, যারা ম্যাকবুক এয়ারের চেয়ে উন্নত ডিসপ্লে ও বেশি সংযোগ পোর্ট চান এবং এ জন্য বাড়তি ৭০০ পাউন্ড খরচ করতে প্রস্তুত। তবে বেশি ক্ষমতা বা কম দামের ল্যাপটপ চাইলে বাজারে আরও ভালো বিকল্প রয়েছে। নতুন, পাতলা ও হালকা নকশার ওএলইডি মডেল আসায় বর্তমান নকশার ম্যাকবুক প্রো সিরিজের শেষ দিকের সংস্করণও হতে পারে এটি।