ব্যবহারকারীর অভিজ্ঞতা বদলাতে হোয়াটসঅ্যাপের নতুন পরিকল্পনা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৩:১৩

ব্যবহারকারীর অভিজ্ঞতা বদলাতে হোয়াটসঅ্যাপের নতুন পরিকল্পনা

হোয়াটসঅ্যাপের ব্যবহার আরও সহজ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছেন অ্যাপটির নতুন প্রধান কুনাল শাহ। ব্যবহারকারীদের যোগাযোগের অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি বিল পরিশোধ, ঋণ নেওয়া ও ভ্রমণের সময় সংযুক্ত থাকার মতো কাজও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজ করতে চান তিনি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বার্তায় এসব পরিকল্পনার কথা জানান কুনাল শাহ। চলতি বছরের শুরুতে উইল ক্যাথকার্টের কাছ থেকে হোয়াটসঅ্যাপের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব নেন তিনি। দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে ব্যবহারকারীদের চাহিদা ও অভিজ্ঞতা বোঝার চেষ্টা করেছেন বলে জানান শাহ।

তিনি বলেন, হোয়াটসঅ্যাপের লক্ষ্য হবে মানুষকে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং দৈনন্দিন কাজ সম্পন্ন করতে সহায়তা করা। এ জন্য ভয়েস মেসেজ, গ্রুপ, স্টিকার ও ভিডিও ব্যবহারের অভিজ্ঞতা আরও সহজ ও প্রাণবন্ত করার পরিকল্পনা রয়েছে।

হোয়াটসঅ্যাপে প্রতিদিন ১০ বিলিয়নের বেশি ভয়েস মেসেজ এবং ৪ বিলিয়নের বেশি স্টিকার আদান-প্রদান হয়। এসব যোগাযোগের অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন উদ্যোগ নেওয়া হবে।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। এ জন্য আর্থিক সেবা ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা। এর ফলে ব্যবহারকারীরা অ্যাপ থেকেই বিল পরিশোধ, ঋণ নেওয়া এবং ই-সিম কেনার মতো কাজ করতে পারবেন। বর্তমানে এসব কাজ করতে ব্যবহারকারীদের অন্য সেবা বা অ্যাপে যেতে হয়।

ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য খুঁজে দেওয়া এবং দৈনন্দিন কাজ সহজ করতেও এআই ব্যবহার করতে চায় হোয়াটসঅ্যাপ। কুনাল শাহের ভাষ্য, এআইয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া, কাজ সম্পন্ন করা এবং বুকিং বা অ্যাপয়েন্টমেন্টের কথা মনে করিয়ে দেওয়ার সুবিধা চালুর লক্ষ্য রয়েছে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে এআই সহকারী রয়েছে, যা কথোপকথনের সারসংক্ষেপ তৈরি এবং বার্তার খসড়া লিখতে পারে। তবে নতুন পরিকল্পনায় মেটার ‘মিউজ’ এআই এজেন্ট ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

নতুন প্রধান জানিয়েছেন, এসব পরিবর্তনের মধ্যেও ব্যবহারকারীদের আস্থা, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা হবে। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বার্তা ও কলের ক্ষেত্রে এন্ড টু এন্ড এনক্রিপশন ব্যবস্থা অপরিবর্তিত থাকবে।

বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কমিউনিটি, চ্যানেল, স্ট্যাটাস ও ব্যবসায়িক সুবিধাসহ নানা ফিচার যুক্ত হয়েছে অ্যাপটিতে। এতে অনেকের জন্য অ্যাপটি ব্যবহার ও নেভিগেট করা জটিল হয়ে উঠেছে। নতুন পরিকল্পনার অন্যতম লক্ষ্য এই জটিলতা কমানো।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন