গুগল ম্যাপসে বায়ুদূষণের মাত্রা দেখবেন যেভাবে
বায়ুদূষণের মাত্রা জানতে এখন আর আলাদা কোনো অ্যাপের প্রয়োজন নেই। গুগল ম্যাপসের ‘এয়ার কোয়ালিটি’ সুবিধা ব্যবহার করে নিজের এলাকার বাতাসের মান ও দূষণের মাত্রা জানা যায়। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকেও দেখা যায় এ তথ্য। বাইরে বের হওয়ার আগে বায়ুর মান যাচাই করে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া সম্ভব।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ম্যাপসের এই সুবিধায় রঙের মাধ্যমে বিভিন্ন এলাকার বায়ুর মান দেখানো হয়। বিশ্বের ৪০টির বেশি দেশে এ সুবিধা চালু রয়েছে। অঞ্চলভেদে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে গুগল। যুক্তরাষ্ট্রে এ জন্য দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা এবং পার্পলএয়ারের সেন্সর থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয়।
কেন কাজে লাগবে এই সুবিধা
বায়ুর মান জানার মাধ্যমে সকালে হাঁটতে যাওয়া বা বাইরে ব্যায়াম করার সময় নির্ধারণ করা যায়। কোথাও ভ্রমণের আগে সেখানকার দূষণের মাত্রাও যাচাই করা সম্ভব। বিশেষ করে শীতকালে ধোঁয়াশা ও বায়ুদূষণ বেড়ে গেলে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য এ তথ্য কাজে আসতে পারে। দূষণের মাত্রা বিবেচনা করে মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় সতর্কতাও নেওয়া যায়।

স্মার্টফোনে যেভাবে বায়ুর মান দেখবেন
- প্রথমে অ্যান্ড্রয়েড বা আইফোনে গুগল ম্যাপস অ্যাপের সর্বশেষ সংস্করণ হালনাগাদ করে চালু করুন।
- সার্চ বক্সে নিজের এলাকার নাম, ঠিকানা বা পরিচিত কোনো স্থানের নাম লিখে খুঁজুন। চাইলে লোকেশন বাটনে চাপ দিয়ে বর্তমান অবস্থানও দেখতে পারেন।
- ম্যাপের সার্চ বক্সের পাশে থাকা স্তর বা ‘লেয়ার্স’ আইকনে চাপ দিন। এটি সাধারণত কয়েকটি বর্গাকার স্তরের মতো দেখতে।
- অপশন থেকে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করুন। এরপর মানচিত্রে বিভিন্ন রঙের মাধ্যমে বায়ুদূষণের মাত্রা দেখা যাবে।
- নির্দিষ্ট কোনো এলাকা বা বায়ুর মান পরিমাপের কেন্দ্রের ওপর চাপ দিলে সেখানে দূষণের মাত্রা ও বিস্তারিত তথ্য দেখা যাবে।
কম্পিউটারে যেভাবে দেখবেন
কম্পিউটারের ব্রাউজার থেকে গুগল ম্যাপস চালু করে কাঙ্ক্ষিত এলাকা খুঁজুন। এরপর মানচিত্রের নিচের বাঁ দিকে থাকা ‘লেয়ার্স’ অপশনে ক্লিক করে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করুন। এরপর মানচিত্রে সংশ্লিষ্ট এলাকার বায়ুর মান দেখা যাবে।
রঙের অর্থ কী
গুগল ম্যাপসে বায়ুর মান বোঝাতে কয়েকটি রং ব্যবহার করা হয়। এগুলোর অর্থ হলো-
-
সবুজ: বায়ুর মান ভালো।
-
হলুদ: বায়ুর মান মাঝারি।
-
কমলা: সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর।
-
লাল: অস্বাস্থ্যকর।
-
বেগুনি: খুব অস্বাস্থ্যকর।
-
মেরুন: বিপজ্জনক।
তবে দেশভেদে বায়ুর মান সূচকের (একিউআই) হিসাবের পদ্ধতি ও সীমা আলাদা হতে পারে। তাই শুধু রঙের ওপর নির্ভর না করে প্রদর্শিত সংখ্যার পাশাপাশি বায়ুর মানের শ্রেণিও দেখে নেওয়া উচিত।