নিরাপত্তা নজরদারিতে এবার যুক্ত হলো উড়ন্ত ড্রোন ও টহল রোবট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪

নিরাপত্তা নজরদারিতে এবার যুক্ত হলো উড়ন্ত ড্রোন ও টহল রোবট

বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় উড়ন্ত ড্রোন ক্যামেরা ও টহল রোবট এনেছে অ্যামাজনের মালিকানাধীন প্রতিষ্ঠান রিং। ড্রোনটি বাড়ির বিভিন্ন কক্ষে উড়ে গিয়ে সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবে। অন্যদিকে রোবটটি অফিস, গুদাম ও কর্মস্থলে টহল দেবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রিং ড্রোন ক্যামেরার দাম ২৫০ মার্কিন ডলার। দরজা, জানালা বা নিরাপত্তাযন্ত্রের সতর্কসংকেত সক্রিয় হলে এটি নির্ধারিত পথে উড়ে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। ব্যবহারকারীরা চাইলে নিজেরাও ড্রোনটি চালু করতে পারবেন। দিনে ও রাতে ভিডিও ধারণে সক্ষম ড্রোনটি একবার চার্জে সর্বোচ্চ আট মিনিট উড়তে পারে। এরপর স্বয়ংক্রিয়ভাবে চার্জিং ডকে ফিরে যাবে।

রিংয়ের প্রধান নির্বাহী জেমি সিমিনফ বলেন, 

অন্য পণ্য রিং রোভার ক্যামেরার দাম ১ হাজার মার্কিন ডলার। অ্যামাজনের অ্যাস্ট্রো রোবটের প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি যন্ত্রটি অফিস, গুদাম ও অন্যান্য কর্মস্থলে নজরদারি করবে। দুই চাকার এই রোবটে ডিসপ্লে, প্রসারণযোগ্য ক্যামেরা, সাইরেন ও দ্বিমুখী অডিও ব্যবস্থা রয়েছে। ছাদে আলো ফেলে এর অবস্থানও শনাক্ত করা যাবে।

সিমিনফের ভাষ্য, একটি ড্রোন বা রোবট দিয়েই বাড়ি কিংবা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় নজরদারি করা সম্ভব। এতে প্রতিটি কক্ষে স্থায়ী ক্যামেরা বসানোর প্রয়োজন কমবে।

গোপনীয়তা সুরক্ষায় রিং জানিয়েছে, ড্রোন ও রোবট ভিডিও ধারণের সময় এলইডি বাতি জ্বলবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসনের নিয়ম অনুযায়ী, চালকের সরাসরি দৃষ্টিসীমার বাইরে ড্রোন ওড়ানো যায় না। তাই রিংয়ের ড্রোনটি বাড়ির বাইরে উড়তে পারবে না। এ জন্য যন্ত্রটিতে নিয়ন্ত্রণব্যবস্থাও রাখা হয়েছে।

২০২০ সালে ‘অলওয়েজ হোম ক্যাম’ নামে ড্রোনটির প্রাথমিক সংস্করণ দেখিয়েছিল রিং। তবে নকশা, সেন্সর ও তথ্য প্রক্রিয়াকরণব্যবস্থা উন্নত করতে বাজারজাত করতে সময় নিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৮ সালে রিং অধিগ্রহণ করে অ্যামাজন। ডোরবেল ও নিরাপত্তাযন্ত্রের মাধ্যমে স্মার্ট হোম প্রযুক্তির বাজারে ব্যবসা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। গ্র্যান্ড ভিউ রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর এ বাজারের আকার ২০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়াতে পারে। এ বাজারে অ্যাপল ও গুগলও প্রতিযোগিতা করছে।

পুলিশের সঙ্গে অংশীদারত্বের কারণে রিং দীর্ঘদিন ধরে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সমালোচনার মুখে রয়েছে। চলতি বছর ‘সার্চ পার্টি’ নামের এআইভিত্তিক পোষা প্রাণী খোঁজার সুবিধার বিজ্ঞাপন নিয়েও সমালোচনা হয়। পরে পুলিশি প্রযুক্তি সরবরাহকারী ফ্লক সেফটির সঙ্গে প্রযুক্তিগত সংযোগের পরিকল্পনা বাতিল করে রিং। প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ প্রযুক্তিও বিতর্কের মুখে রয়েছে।

যুক্তরাষ্ট্রে রিং রোভার ক্যামেরার সরবরাহ শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। ড্রোন ক্যামেরা সরবরাহের সম্ভাব্য তারিখ ২০২৭ সালের ২৭ জানুয়ারি। তবে এ জন্য ফেডারেল কমিউনিকেশন কমিশনের অনুমোদন প্রয়োজন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন