হোয়াটসঅ্যাপের তথ্য সংগ্রহ ও গোপনীয়তা নিয়ে যা জানা জরুরি
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বার্তা ও কলের নিরাপত্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়। ফলে ব্যবহারকারীদের কথোপকথন ও কলের বিষয়বস্তু হোয়াটসঅ্যাপ বা এর মূল প্রতিষ্ঠান মেটাও দেখতে পারে না। তবে এর অর্থ এই নয় যে অ্যাপটি ব্যবহারকারীদের কোনো তথ্য সংগ্রহ করে না। ফোন নম্বর, ডিভাইসের তথ্য, ব্যবহারের ধরনসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের কিছু তথ্য মেটার সঙ্গে শেয়ারও করে হোয়াটসঅ্যাপ। বিশেষ করে মেটার অন্যান্য সেবার সঙ্গে হোয়াটসঅ্যাপ যুক্ত করলে এ ধরনের তথ্য আদান-প্রদান হতে পারে। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
কী ধরনের তথ্য সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপের কার্যক্রম সচল রাখতে ব্যবহারকারীদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে-
ব্যবহারকারীর দেওয়া তথ্য: অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া ফোন নম্বরসহ পরিচয় শনাক্তে সহায়ক তথ্য।
স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা তথ্য: ইন্টারনেট সংযোগ ও ডিভাইসের কারিগরি তথ্য এবং অ্যাপ ব্যবহারের ধরন।
অন্য ব্যবহারকারীর দেওয়া তথ্য: বন্ধু বা পরিবারের সদস্যরা আপনাকে তাদের হোয়াটসঅ্যাপের পরিচিতি তালিকায় যুক্ত করলে সেই তথ্যও অ্যাপটির কাছে যায়।
মেটার সঙ্গে কী তথ্য শেয়ার করে
হোয়াটসঅ্যাপ মেটার মালিকানাধীন একটি সেবা। ব্যবহারকারী যখন হোয়াটসঅ্যাপের সঙ্গে মেটার অন্য সেবা যুক্ত করেন, তখন সেই সমন্বিত সুবিধা চালু রাখতে কিছু তথ্য মেটার সঙ্গে শেয়ার করা হয়। উদাহরণ হিসেবে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুকে শেয়ার করার কথা বলা যায়।
গোপনীয়তা সেটিংস যেভাবে নিয়ন্ত্রণ করবেন
ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের প্রাইভেসি চেকআপ সুবিধার মাধ্যমে অ্যাকাউন্টের নিরাপত্তা ও গোপনীয়তা সেটিংস পর্যালোচনা করতে পারেন। এ জন্য অ্যাপের ‘সেটিংস’ থেকে ‘প্রাইভেসি’ অপশনে যেতে হবে।
সেখানে নিজের ব্যক্তিগত তথ্য কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করা যায়। চাইলে সবাই, শুধু পরিচিত ব্যক্তিরা, নির্দিষ্ট কিছু পরিচিত ব্যক্তি কিংবা কেউই তথ্য দেখতে পারবেন না, এমন সেটিংস বেছে নেওয়া সম্ভব।
এ ছাড়া কারা আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবেন, তা নিয়ন্ত্রণ করা যায়। নিরাপত্তা বাড়াতে অদৃশ্য হয়ে যাওয়া বার্তা, চ্যাট লক ও অ্যাপ লকের মতো সুবিধাও চালু করা যায়।

কথোপকথনের ব্যাকআপ কতটা নিরাপদ
হোয়াটসঅ্যাপের কথোপকথন ও ছবি-ভিডিওর ব্যাকআপও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দিয়ে সুরক্ষিত রাখা যায়। এ সুবিধা চালু করলে ব্যাকআপ গুগল অ্যাকাউন্ট বা আইক্লাউডে সংরক্ষিত হয়। এগুলো সুরক্ষিত রাখতে পাসওয়ার্ড অথবা ৬৪ অঙ্কের এনক্রিপশন কী ব্যবহার করতে হয়।
তবে পাসওয়ার্ড বা এনক্রিপশন কী হারিয়ে গেলে ব্যাকআপ পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এমনকি হোয়াটসঅ্যাপও এ ক্ষেত্রে সহায়তা করতে পারবে না।
ব্যবহারকারীদের মনে রাখা প্রয়োজন, এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যক্তিগত বার্তা ও কলের বিষয়বস্তু সুরক্ষিত রাখলেও অ্যাপ ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য গোপন রাখে না। তাই নিয়মিত গোপনীয়তা সেটিংস পর্যালোচনা করা এবং ব্যাকআপের পাসওয়ার্ড বা এনক্রিপশন কী নিরাপদে সংরক্ষণ করা জরুরি।