ঝুঁকি ছাড়া উদ্ভাবন সম্ভব নয়: মাইকেল ডেল
নতুন ব্যবসা বা পণ্যের ধারণা নিয়ে অন্যের কাছে সেটির গ্রহণযোগ্যতা জানতে না চাওয়ার পরামর্শ দিয়েছেন ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। তার মতে, বড় কিছু করতে হলে অন্যদের চেয়ে আলাদা ও স্বতন্ত্র ধারণা নিয়ে এগোতে হবে। নিজের ধারণার ওপর আস্থা রাখার পাশাপাশি ঝুঁকি নেওয়ার মানসিকতাও থাকতে হবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফরচুনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল ডেল উদ্যোক্তাদের উদ্দেশে এ পরামর্শ দেন। তিনি বলেন, কেউ যদি অন্যদের কাছে জানতে চান তার ব্যবসার ধারণাটি ভালো কি না, তাহলে অধিকাংশ মানুষই নেতিবাচক উত্তর দেবেন। তাই নিজের উদ্যোগের সম্ভাবনা যাচাইয়ে অন্যের মতামতের ওপর নির্ভর না করে নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রাখা উচিত।
১৯৮৩ সালে ইউনিভার্সিটি অব টেক্সাসে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা শুরু করেছিলেন মাইকেল ডেল। তবে কম্পিউটারের প্রতি আগ্রহ থেকে ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকেই ব্যক্তিগত কম্পিউটারের যন্ত্রাংশ উন্নত করার কিট বিক্রি শুরু করেন। ডেল টেকনোলজিস প্রতিষ্ঠার সময় তার বিনিয়োগ ছিল মাত্র ১ হাজার মার্কিন ডলার।
শুরুর দিকে প্রতিষ্ঠানটির উৎপাদন দলের সদস্য ছিলেন মাত্র তিনজন। ছয় ফুট লম্বা টেবিলে বসে স্ক্রু ড্রাইভার দিয়ে তারা কম্পিউটার সংযোজনের কাজ করতেন। নিজের বই ‘ডাইরেক্ট ফ্রম ডেল’-এ শুরুর সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন মাইকেল ডেল।
১৯৯২ সালে মাত্র ২৭ বছর বয়সে তিনি ফরচুন ৫০০ তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সবচেয়ে কম বয়সী প্রধান নির্বাহী কর্মকর্তা হন। ২০০১ সালের মধ্যে ডেল বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানে পরিণত হয়।
ব্যবসায় সফলতার পেছনে ঝুঁকি নেওয়ার মানসিকতাকে সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন মাইকেল ডেল। তার মতে, বড় প্রতিষ্ঠানগুলো অনেক সময় ঝুঁকি কমানোর দিকেই বেশি মনোযোগ দেয়। কিন্তু ঝুঁকি না নিলে নতুন উদ্ভাবনও সম্ভব নয়।
ডেল জানান, নতুন ধারণা বাস্তবায়নে তার প্রতিষ্ঠান অভ্যন্তরীণভাবে নানা উদ্যোগ নেয় এবং গবেষণা ও উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করে। এ ধরনের উদ্যোগের সবগুলো সফল হবে না, সেটিও মেনে নিতে হবে বলে মনে করেন তিনি।