বয়স লুকালেও কিশোরদের শনাক্ত করবে ইনস্টাগ্রামের এআই

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৫:২৫

বয়স লুকালেও কিশোরদের শনাক্ত করবে ইনস্টাগ্রামের এআই

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স অনুমান করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার বিশ্বজুড়ে সম্প্রসারণ করছে মেটা। এর মাধ্যমে প্রাপ্তবয়স্ক হিসেবে জন্মতারিখ উল্লেখ করলেও কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা চালু করা হবে। মূলত ১৩ থেকে ১৭ বছর বয়সীদের জন্য নির্ধারিত ‘টিন অ্যাকাউন্ট’ সুবিধার আওতায় আনতেই এই উদ্যোগ।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীদের প্রোফাইল বিশ্লেষণ করে বয়স সম্পর্কে ধারণা নেবে। জন্মদিন উদ্‌যাপন, স্কুলের শ্রেণি বা বয়সসংক্রান্ত তথ্যের মতো বিষয় খতিয়ে দেখা হবে। এ জন্য পোস্ট, মন্তব্য, পরিচিতি, ক্যাপশনসহ বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করবে প্রযুক্তিটি। পাশাপাশি ছবি ও ভিডিও থেকে ব্যবহারকারীর উচ্চতা ও হাড়ের গঠনের মতো দৃশ্যমান বৈশিষ্ট্যও বিবেচনায় নেওয়া হবে।

টিন অ্যাকাউন্টে কিশোরদের জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা রয়েছে। এ ধরনের অ্যাকাউন্টে ব্যবহারকারীরা শুধু যাদের অনুসরণ করেন বা আগে থেকে যুক্ত আছেন, তাদের কাছ থেকেই সরাসরি বার্তা পাবেন। ক্ষতিকর মন্তব্য আড়াল করা হবে এবং অ্যাকাউন্ট শুরু থেকেই ব্যক্তিগত রাখা হবে।

মেটা জানিয়েছে, ফেসবুকেও একই প্রযুক্তি চালুর কাজ চলছে। চলতি বছরের শেষ দিকে থ্রেডসেও এ সুবিধা বিশ্বজুড়ে চালুর পরিকল্পনা রয়েছে।

কিশোরদের নিরাপত্তা নিয়ে একাধিক মামলার মুখে রয়েছে মেটা। গত আগস্টে যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্য ও অঞ্চলের সঙ্গে মামলাগুলো নিষ্পত্তিতে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ১৮ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত সমঝোতা করেছে। এসব সমঝোতার অংশ হিসেবে ১৩ বছরের কম বয়সী শিশু এবং কিশোর ব্যবহারকারীদের শনাক্ত করার প্রযুক্তি উন্নত করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

মেটা তাদের ব্লগ পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৫২ জন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে হওয়া সমঝোতার অংশ হিসেবে ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্তে আরও উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করা হচ্ছে। পাশাপাশি ১৩ থেকে ১৭ বছর বয়সীদের অ্যাকাউন্টও শনাক্ত করা হবে, যাতে প্রাপ্তবয়স্ক জন্মতারিখ ব্যবহার করলেও তাদের কিশোরদের জন্য নির্ধারিত সুরক্ষার আওতায় রাখা যায়।

এদিকে যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রাম ব্যবহারকারী কিশোরদের অভিভাবকেরা অ্যাপে একটি ভিডিও দেখতে পাবেন। এতে কিশোরদের বয়স অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে মেটার উদ্যোগ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন