নতুন নামে ও বাড়তি স্টোরেজে আসছে সনির গেমিং ডিভাইস

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৩:৫০

নতুন নামে ও বাড়তি স্টোরেজে আসছে সনির গেমিং ডিভাইস

জাপানের বাজারের জন্য প্লেস্টেশন পোর্টালের নতুন সংস্করণ আনছে সনি। আগের মডেলের তুলনায় এতে বাড়তি অভ্যন্তরীণ স্টোরেজ যুক্ত করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর মধ্যরাতের কালো রঙের এই সংস্করণ বাজারে আসবে। তবে বাড়তি স্টোরেজ কী কাজে ব্যবহার করা যাবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মডেলটির নাম রাখা হয়েছে ‘প্লেস্টেশন পোর্টাল প্লেয়ার’। আগের সংস্করণটির নাম ছিল ‘প্লেস্টেশন পোর্টাল রিমোট প্লেয়ার’। নতুন মডেলটি শুধু জাপানি ভাষায় ব্যবহার করা যাবে। এ জন্য জাপানে নিবন্ধিত প্লেস্টেশন অ্যাকাউন্টও প্রয়োজন হবে।

সনি জানিয়েছে, ভবিষ্যতে যন্ত্রটিতে নতুন কিছু সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এসব সুবিধার কথা বিবেচনা করেই বাড়তি স্টোরেজ রাখা হয়েছে। তবে সুবিধাগুলো চূড়ান্ত হলে বিস্তারিত জানাবে প্রতিষ্ঠানটি।

বাড়তি স্টোরেজ যুক্ত করার কারণে নতুন মডেলে ইউটিউব, ডিজনি প্লাস ও নেটফ্লিক্সের মতো ভিডিও দেখার অ্যাপ ব্যবহারের সুযোগ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে প্লেস্টেশন পোর্টালে এসব অ্যাপ ব্যবহারের সুবিধা নেই। যন্ত্রটি মূলত প্লেস্টেশন ৫ কনসোল অথবা ক্লাউড থেকে গেম স্ট্রিম করার জন্য তৈরি।

প্লেস্টেশন পোর্টালে সরাসরি গেম চালানোর মতো হার্ডওয়্যার নেই। তবে বাড়তি স্টোরেজের মাধ্যমে ভবিষ্যতে অফলাইনে দেখার জন্য ভিডিও বা অন্যান্য ফাইল সংরক্ষণের সুবিধাও যুক্ত হতে পারে। যদিও এ বিষয়ে সনি এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।

জাপানের বাজারে নতুন প্লেস্টেশন পোর্টালের দাম রাখা হয়েছে ৩৯ হাজার ৯৮০ ইয়েন, যা প্রায় ২৫৩ মার্কিন ডলারের সমান।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন