একসঙ্গে ৩১ ভাষায় কথোপকথন শনাক্ত করতে পারবে ওটারের এআই
একই বৈঠকে একাধিক ভাষায় কথা বললেও তা শনাক্ত করে লিখে রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নোট নেওয়ার প্ল্যাটফর্ম ওটার। নতুন সুবিধাটিতে বক্তারা কথার মাঝখানে ভাষা পরিবর্তন করলেও সেটি স্বয়ংক্রিয়ভাবে বুঝে কথোপকথন লিখে যেতে পারবে। এ ছাড়া প্ল্যাটফর্মটিতে ২৭টি নতুন ভাষার সমর্থন যুক্ত হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সুবিধাটি চালু হলে ওটারে সমর্থিত ভাষার সংখ্যা বেড়ে ৩১ হবে। ব্যবহারকারীদের আলাদাভাবে কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না। যেমন, কোনো বৈঠকে ইংরেজির পর কোরীয় বা পর্তুগিজ ভাষায় কথা বলা শুরু হলে ওটার নিজে থেকেই ভাষা পরিবর্তন শনাক্ত করে কথোপকথন লিখে রাখবে।
আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর বৈঠক ও দলগত কাজের ক্ষেত্রে ভাষাগত বাধা কমানোই এই উদ্যোগের লক্ষ্য। ওটারের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে জানিয়েছেন, প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের কোম্পানির জন্য কণ্ঠভিত্তিক এআই যোগাযোগের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত সংরক্ষণের ব্যবস্থা গড়ে তুলতে চায়।
নতুন ২৭টি ভাষার মধ্যে ১৩টির সমর্থন ইতোমধ্যে চালু হয়েছে। এগুলো হলো মান্দারিন চীনা, কোরীয়, জার্মান, ইতালীয়, ক্যান্টনিজ, পর্তুগিজ, রুশ, ইন্দোনেশীয়, মালয়, ডাচ, তুর্কি, ভিয়েতনামি ও পোলিশ।
বাকি ১৪টি ভাষার সমর্থন শিগগিরই যুক্ত হবে। এসব ভাষার মধ্যে রয়েছে সুইডিশ, ড্যানিশ, ফিনিশ, আরবি, হিন্দি, থাই, হিব্রু, নরওয়েজীয়, গ্রিক, মেসিডোনীয়, ফারসি, চেক, হাঙ্গেরীয় ও রোমানীয়।
নতুন ভাষাগুলো পরিচালনায় ওটারের নিজস্ব স্পিচ মডেল ব্যবহার করা হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উন্মুক্ত তথ্যভান্ডার ব্যবহার করে এসব মডেল প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ভাষায় দক্ষ স্বেচ্ছাসেবীদের সহায়তায় কথোপকথনের লিখিত রূপ পর্যালোচনা ও নির্ভুলতা যাচাই করা হয়েছে।
কথোপকথন লিখে রাখার সুবিধার বাইরে কর্মক্ষেত্রে ব্যবহারের উপযোগী এআই টুল তৈরিতেও কাজ করছে ওটার। সম্প্রতি প্রতিষ্ঠানটি ৩২ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ পেয়েছে। এর আগে চালু করা ওয়ার্ক মোড সুবিধা বৈঠকের ইতিহাস ও সংযুক্ত অ্যাপ থেকে তথ্য নিয়ে ব্যবহারকারীদের পরবর্তী বৈঠকের প্রস্তুতিতে সহায়তা করে। অন্যদিকে লাইভ অ্যাসিস্ট বৈঠক চলার সময় কথোপকথন বিশ্লেষণ করে তাৎক্ষণিক পরামর্শ দেয়।