কোম্পানি নিবন্ধনে চালু হচ্ছে স্বয়ংক্রিয় ব্যবস্থা, কমবে ভোগান্তি
কোম্পানি গঠন ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু করতে যাচ্ছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি)। আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে। এতে নির্ধারিত শর্ত পূরণ করে আবেদন করা কোম্পানিগুলো তাৎক্ষণিক নিবন্ধন পাবে। পাশাপাশি নামের ছাড়পত্র পাওয়ার সময়ও কমে আসবে।
নতুন ব্যবস্থায় তথ্য স্থানান্তর ও কারিগরি প্রস্তুতির জন্য আরজেএসসির পুরোনো ই-সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গতকাল ৯ নভেম্বর বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত পুরোনো ব্যবস্থায় নতুন আবেদন জমা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে।
ব্যবসা শুরুর আগে উদ্যোক্তাদের নামের ছাড়পত্র নেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা, আবেদন যাচাই এবং নিবন্ধন সনদ সংগ্রহের মতো কয়েকটি ধাপ পার হতে হয়। তথ্যের ঘাটতি বা কাগজপত্রে অসংগতি থাকলে প্রক্রিয়াটি আরও দীর্ঘ হয়। এতে ব্যবসা শুরুর আগেই উদ্যোক্তাদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হয়।
এ ধরনের প্রশাসনিক জটিলতা কমাতে কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন কার্যক্রম স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আরজেএসসি।
প্রতিষ্ঠানটির এক পরিপত্রে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় নামের ছাড়পত্র ও কোম্পানি নিবন্ধনের আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। তবে সব আবেদন একইভাবে স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে না। আবেদনকারীর জমা দেওয়া দলিল ও তথ্যের ধরন অনুযায়ী কিছু আবেদন স্বয়ংক্রিয়ভাবে নিষ্পত্তি হবে, আর কিছু আবেদন কর্মকর্তাদের যাচাইয়ের পর নিষ্পত্তি করা হবে।