এআই এজেন্ট পণ্য কিনলে মানুষ কি তা মেনে নেবে?

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩

এআই এজেন্ট পণ্য কিনলে মানুষ কি তা মেনে নেবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কেনাকাটার প্রবণতা বাড়লেও মানুষ পুরোপুরি এআই এজেন্টের ওপর নির্ভর করে পণ্য কিনবে না বলে মনে করেন অ্যাপলের খুচরা বিক্রয়ব্যবস্থা গড়ে তোলার অন্যতম ব্যক্তি রন জনসন। তার মতে, এআই অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করতে পারে, তবে মানুষ কীভাবে কেনাকাটা করে তা বদলে দেবে না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সালে অ্যাপলে যোগ দিয়ে প্রতিষ্ঠানটির খুচরা বিক্রয়ব্যবস্থা গড়ে তোলার কাজ করেন জনসন। তার মতে, অ্যাপল স্টোর শুধু পণ্য বিক্রির জায়গা নয়, পণ্য দেখার, ব্যবহারের অভিজ্ঞতা নেওয়ার এবং প্রয়োজনে সহায়তা পাওয়ার জায়গাও।

বর্তমানে গুগল ও ওপেনএআইসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই এজেন্টের মাধ্যমে পণ্য খোঁজা থেকে কেনাকাটার পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিচ্ছে। গুগল এ জন্য ‘ইউনিভার্সাল কমার্স প্রোটোকল’ তৈরি করছে। অন্যদিকে, ওপেনএআই চ্যাটজিপিটিকে এমন একটি কেনাকাটার প্ল্যাটফর্মে পরিণত করছে, যেখানে ব্যবহারকারীরা পণ্য খোঁজা, তুলনা করা এবং কিছু ক্ষেত্রে চ্যাটবট থেকেই কেনাকাটা করতে পারবেন।

তবে ১ হাজার বা ২ হাজার মার্কিন ডলারের ল্যাপটপ কোনো ওয়েবসাইট বা দোকানে না গিয়ে এআই এজেন্টের মাধ্যমে কেনার বিষয়ে জনসনের মত ভিন্ন। তার মতে, ল্যাপটপের মতো ব্যক্তিগত পণ্য কেনার আগে মানুষ এর ওজন, পর্দা ও আকার নিজেরা দেখে নিতে চাইবে। এআই পণ্য বাছাইয়ে তথ্য দিতে পারবে, তবে শেষ সিদ্ধান্তের আগে পণ্যটি দেখার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ থাকবে।

অ্যাপলের স্টোর তৈরির সময়ও গ্রাহকের এই অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছিল বলে জানান জনসন। তার মতে, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো অ্যাপল স্টোরের গ্লাসনির্ভর নকশা, খোলা জায়গা ও জিনিয়াস বারের মতো ধারণা অনুসরণ করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল কর্মীরা কীভাবে গ্রাহকের সঙ্গে আচরণ করেন।

অ্যাপল স্টোরের কর্মীদের কমিশনভিত্তিক বেতন দেওয়া হতো না। ফলে শুধু পণ্য বিক্রির চাপ না দিয়ে গ্রাহকের প্রয়োজন বোঝার ওপর গুরুত্ব দেওয়া সম্ভব হতো বলে জানান জনসন।

এআই কেনাকাটার ধরন পুরোপুরি বদলে দেবে বলে মনে না করলেও প্রযুক্তিটির সম্ভাবনা নিয়ে আশাবাদী তিনি। জনসনের মতে, এআই মানুষের বিচারবুদ্ধির বিকল্প নয়। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসও এআইকে গ্রহণ করতেন, তবে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বিকল্প হিসেবে নয়।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন