বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। তার স্থলে সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বিটিআরসির চেয়ারম্যান পদে এমদাদ উল বারীকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার। তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে বাতিল করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্য প্রজ্ঞাপনে ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, ওয়াহিদ-উজ-জামানের অবসরোত্তর ছুটিসহ সংশ্লিষ্ট সুবিধা স্থগিত থাকবে। দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা বা ব্যবসা এবং সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।