স্টারশিপের সাফল্যকে বিজ্ঞানের কল্পকাহিনির সঙ্গে তুলনা পিচাইয়ের
মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার পর প্রথমবারের মতো বিশাল যান্ত্রিক বাহুর সাহায্যে মাঝআকাশে স্টারশিপ মহাকাশযানকে ধরেছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটির এই সাফল্যকে ‘বিজ্ঞান কল্পকাহিনির মতো’ বলে অভিনন্দন জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। জবাবে ধন্যবাদ জানিয়েছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের স্টারবেস উৎক্ষেপণকেন্দ্রে ফিরে আসে স্টারশিপ। এ সময় উৎক্ষেপণ টাওয়ারে থাকা বিশাল যান্ত্রিক বাহু দিয়ে মহাকাশযানটিকে মাঝআকাশে ধরে ফেলা হয়। মহাকাশ থেকে ফিরে আসা স্টারশিপকে এভাবে ধরার ঘটনা এটিই প্রথম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সুন্দর পিচাই লিখেছেন, স্পেসএক্সের এই অর্জন এখনো তার কাছে বিজ্ঞান কল্পকাহিনির মতো মনে হচ্ছে। সরাসরি ঘটনাটি দেখতে পারা ছিল অসাধারণ অভিজ্ঞতা। পিচাইয়ের বার্তার জবাবে ‘ধন্যবাদ’ লিখেছেন ইলন মাস্ক।
স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়নে মহাকাশযানটি পৃথিবীকে ১৪ বার প্রদক্ষিণ করে এবং ২৬টি উন্নত স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে। তবে একই অভিযানে প্রথম ধাপের বুস্টার রকেটটি উৎক্ষেপণের কিছুক্ষণ পর বিস্ফোরিত হওয়ায় পরিকল্পিত দুটি যানকে মাঝআকাশে ধরার লক্ষ্য পূরণ হয়নি।
স্পেসএক্স জানিয়েছে, স্টারশিপের তাপরোধী আবরণসহ গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যবস্থা ভালোভাবে কাজ করেছে। তবে বুস্টার রকেটটির ব্যর্থতার কারণ অনুসন্ধান করছে প্রতিষ্ঠানটি। ১২৪ মিটার দীর্ঘ স্টারশিপ চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের জন্য তৈরি করা হয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচিতেও মহাকাশযানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। এই কর্মসূচির লক্ষ্য চলতি দশকের শেষ দিকে আবারও নভোচারীদের চাঁদে পাঠানো।
এদিকে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যানও স্পেসএক্স ও ইলন মাস্ককে অভিনন্দন জানিয়েছেন। জবাবে মাস্ক স্পেসএক্সের কর্মীদের অবদানের কথা উল্লেখ করে ধন্যবাদ জানান।