স্বাস্থ্যসেবায় এআইয়ের ব্যবহার নিয়ে গবেষণা করবে অ্যাপল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫১

স্বাস্থ্যসেবায় এআইয়ের ব্যবহার নিয়ে গবেষণা করবে অ্যাপল

স্বাস্থ্যবিষয়ক প্রশ্নের উত্তর পেতে মানুষ কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে, তা জানতে নতুন একটি গবেষণা অ্যাপ চালু করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবাভিত্তিক এআই প্রতিষ্ঠান ওপেনএভিডেন্সের সঙ্গে যৌথভাবে এ গবেষণা চালাবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। ১২ মাসের বেশি সময় ধরে চলা এ গবেষণায় সর্বোচ্চ দুই লাখ মানুষকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২১ বছরের বেশি বয়সী আইফোন ব্যবহারকারীরা এ গবেষণায় অংশ নিতে পারবেন। তবে তাদের আইফোন ১৫ বা পরবর্তী সংস্করণের হতে হবে। পাশাপাশি ফোনে আইওএস ২৬ বা পরবর্তী সংস্করণ এবং অ্যাপল ইন্টেলিজেন্স চালু থাকতে হবে।

নতুন অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি বা ক্লডের মতো স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করতে পারবেন। তবে এর উত্তর তৈরি হবে চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও তথ্যের ভিত্তিতে। এ ক্ষেত্রে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন, জার্নাল অব দ্য আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং নেচারের মতো প্রকাশনার তথ্য ব্যবহার করা হবে।

অ্যাপল জানিয়েছে, দৈনন্দিন স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত প্রশ্নের সহজবোধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবে অ্যাপটি। ব্যবহারকারীরা উত্তরের মান যাচাই করে মতামত জানাতে পারবেন। এ ছাড়া প্রতি মাসে তাদের জরিপে অংশ নিতে বলা হবে।

ব্যবহারকারীরা চাইলে অ্যাপলের হেলথকিট থেকে বিশ্রামকালীন হৃদ্‌স্পন্দন, শারীরিক কর্মকাণ্ড, ঘুম ও পরীক্ষাগারের ফলাফলের মতো তথ্য ভাগ করে নিতে পারবেন। এসব তথ্যের ভিত্তিতে আরও ব্যক্তিগত ও নির্দিষ্ট পরামর্শ দেবে অ্যাপটি। চিকিৎসকের কাছে যাওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও সহায়তা করবে এটি। গুরুতর স্বাস্থ্যসমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসাসেবাদাতার কাছে যাওয়ার পরামর্শও দেবে।

অ্যাপল জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য নিরাপদ তৃতীয় পক্ষের ক্লাউড সেবাদাতার কাছে পাঠানোর আগে পরিচয় শনাক্ত করা যায় এমন তথ্য মুছে ফেলা হবে। এসব তথ্য কোনো এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। ওপেনএভিডেন্স ২৪ ঘণ্টা পর ব্যবহারকারীর প্রশ্ন ও উত্তরের তথ্য মুছে ফেলবে।

অ্যাপলের স্বাস্থ্য ও ফিটনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট সুম্বুল দেশাই বলেন, ‘স্বাস্থ্য ব্যক্তিগত বিষয়। তাই দৈনন্দিন জীবনে মানুষ কীভাবে স্বাস্থ্যবিষয়ক এআই ব্যবহার করে, এর উত্তর বোঝে এবং মূল্যায়ন করে, তা জানতে বৈজ্ঞানিক গবেষণার প্রয়োজন রয়েছে।’

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা আজ থেকেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তবে অ্যাপলের হেলথ অ্যাপ বা সিরিতে ভবিষ্যতে এআইভিত্তিক স্বাস্থ্যসেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে ওপেনএআই জানিয়েছিল, চ্যাটজিপিটিতে প্রতি সপ্তাহে ৩০ কোটির বেশি স্বাস্থ্যবিষয়ক প্রশ্ন করা হয়। স্বাস্থ্যসেবায় এআইয়ের ব্যবহার নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বাড়ার মধ্যে অ্যাপলের এই গবেষণা উদ্যোগ নতুন মাত্রা যোগ করতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন