হুয়াংকে ঘিরে বিতর্কের চাপে এনভিডিয়ার নিরাপত্তা বিভাগ
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক এবং চীনে প্রতিষ্ঠানের চিপ পাচারের অভিযোগ ঘিরে তদন্তের ঘটনায় নিরাপত্তা বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব বিষয়ে নিরাপত্তা দল আগে থেকে কিছু জানত কি না, তা স্পষ্ট নয়।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে এনভিডিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ডেভিড রেবার পদত্যাগ করেন। চার বছর এ পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটিতে মোট সাত বছর কাজ করেছেন। পারকিনসন রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে স্বাস্থ্য ও পরিবারের কারণে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
তার স্থলাভিষিক্ত হন সাশা জদজেলার। এর আগে তিনি এক্সনমোবিলে ১৭ বছর, সেলসফোর্সে এক বছর এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিভার্সিংল্যাবসে কাজ করেছেন। তবে দায়িত্ব পরিবর্তন কিংবা হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ও মেগাস্পিডের বিষয়ে নিরাপত্তা বিভাগ কী জানত, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
সিঙ্গাপুরের ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের বিরুদ্ধে এনভিডিয়ার চিপ চীনে পাচারে সহায়তার অভিযোগে মার্কিন তদন্ত চলছে। প্রতিষ্ঠানটি অবশ্য কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরেরও বেশি সময় আগে থেকেই এনভিডিয়ার শীর্ষ আইন কর্মকর্তা এ তদন্ত নিয়ে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
এদিকে হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার একাধিক কর্মীর ব্যক্তিগত সম্পর্কের খবরও প্রকাশিত হয়েছে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে পাঁচ কর্মীর বরাত দিয়ে এক ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্কের কথা বলা হয়। পরে রয়টার্স আরেকটি সম্পর্কের খবর প্রকাশ করে। তবে এসব তথ্য নিরাপত্তা বিভাগের কাছে পৌঁছেছিল কি না, তা জানা যায়নি।
অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিকোলাস এফতিমিয়াদিসের মতে, কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার ব্যক্তিগত সম্পর্ক বিদেশি গোয়েন্দা সংস্থার জন্য চাপ সৃষ্টির হাতিয়ার হতে পারে। বিশেষ করে সম্পর্ক গোপন রাখার প্রয়োজন থাকলে ব্ল্যাকমেইলের ঝুঁকি তৈরি হয়। গোয়েন্দা সংস্থাগুলো সাইবার হামলার পাশাপাশি সাধারণ কথোপকথন ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও তথ্য সংগ্রহ করে।
এফতিমিয়াদিসের মতে, অনেক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগ পর্যাপ্ত অর্থ ও জনবল পায় না। আবার নিরাপত্তাকে শুধু কার্যালয়ের সুরক্ষা ও সাইবার হামলা প্রতিরোধের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। অথচ কর্মীদের প্রভাবিত করার চেষ্টা, সন্দেহজনক ব্যবসায়িক সম্পর্ক এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে গোপন তথ্য সংগ্রহের ঝুঁকিও বিবেচনায় রাখা প্রয়োজন।
গোয়েন্দা সংস্থাগুলোর আগ্রহ শুধু প্রযুক্তি চুরিতে সীমাবদ্ধ নয়। কোনো দেশের রপ্তানি নীতি পরিবর্তনের পক্ষে কারা কাজ করছেন বা কারা বাধা দিচ্ছেন, এমন নীতিনির্ধারণী তথ্যও তাদের লক্ষ্য হতে পারে। এ কাজে দীর্ঘ সময় ধরে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি প্রযুক্তিও ব্যবহার করা হয়।
অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এফতিমিয়াদিস আইএমএসআই ক্যাচারের উদাহরণ দিয়েছেন। এ যন্ত্র মোবাইল টাওয়ারের মতো সংকেত তৈরি করে আশপাশের ফোনকে এর সঙ্গে যুক্ত করে। সাধারণ সংস্করণের দাম প্রায় এক হাজার মার্কিন ডলার। তবে হুয়াংয়ের বিরুদ্ধে এমন যন্ত্র ব্যবহার করা হয়েছিল কি না, তা জানা যায়নি।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদের স্বাধীন তদন্ত এবং মার্কিন সরকারের তদন্ত এগোলে নিরাপত্তা বিভাগের ভূমিকা সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে। এফতিমিয়াদিসের মতে, ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য সতর্কবার্তা। চীনের গোয়েন্দা কৌশল সম্পর্কে অনেক প্রতিষ্ঠান এখনো যথেষ্ট সচেতন নয়।