এআই গবেষণার সুযোগ না থাকায় মাইক্রোসফট ছাড়লেন জ্যেষ্ঠ বিজ্ঞানী

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৬:১৪

এআই গবেষণার সুযোগ না থাকায় মাইক্রোসফট ছাড়লেন জ্যেষ্ঠ বিজ্ঞানী

এআই গবেষণায় নতুন উদ্ভাবনের সুযোগ না থাকায় মাইক্রোসফট ছেড়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষক জন ল্যাংফোর্ড। তার দাবি, মাইক্রোসফটের এআই বিভাগ নতুন গবেষণার চেয়ে বড় আকারের এআই মডেল তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে। অথচ তার নেতৃত্বাধীন গবেষণায় এআই প্রশিক্ষণ ও পরিচালনার ব্যয় অর্ধেক পর্যন্ত কমানোর সম্ভাবনা ছিল।

উইন্ডোজ লেটেস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট রিসার্চে ১৪ বছরের বেশি সময় কাজ করেছেন ল্যাংফোর্ড। প্রতিষ্ঠানটির এআই ফ্রন্টিয়ার্স গবেষণাগারের সহপ্রতিষ্ঠাতাও তিনি। গত সেপ্টেম্বরে প্রায় ৫০ সদস্যের তার দলকে মাইক্রোসফট এআই বিভাগের সঙ্গে যুক্ত করা হয়। বিভাগটির নেতৃত্বে রয়েছেন মুস্তাফা সুলেইমান।

ল্যাংফোর্ডের অভিযোগ, মাইক্রোসফট এআইয়ের মূল লক্ষ্য বড় মডেল তৈরি ও সেগুলোর সক্ষমতা বাড়ানো। মৌলিক গবেষণা বা নতুন উদ্ভাবনের প্রতি বিভাগটির আগ্রহ কম। নিজের ব্লগে তিনি লিখেছেন, সেখানে গবেষণার মূল দর্শন হলো মডেলের আকার বাড়ানো, গবেষণাকে কার্যত গুরুত্ব না দেওয়া।

মেশিন লার্নিং গবেষণায় পরিচিত নাম ল্যাংফোর্ড। তিনি ওপেন সোর্স মেশিন লার্নিং ব্যবস্থা ‘ভোওয়াল ওয়াবিট’-এর প্রধান নির্মাতা। অ্যাপ ও ওয়েবসাইটে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট দেখানোর একটি পদ্ধতি ‘কনটেক্সচুয়াল ব্যান্ডিটস’ পরিভাষাটিও তার তৈরি।

২০২৩ সালে চ্যাটজিপিটি চালুর পর কয়েকজন সহকর্মীকে নিয়ে মাইক্রোসফট রিসার্চের ভেতরে এআই ফ্রন্টিয়ার্স গড়ে তোলেন তিনি। দলটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এআই এজেন্ট তৈরির কাঠামো অটোজেন এবং কম্পিউটার ব্যবহারে সক্ষম ফারা-৭বি মডেল।

এআইয়ের ব্যয় কমানোর গবেষণা

ল্যাংফোর্ড ও তার সাত সহলেখক গত আগস্টে ‘ফুল ব্যান্ডউইথ ট্রান্সফরমার’ নামে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। এতে প্রচলিত ভাষা মডেলের তুলনায় কম তথ্য ব্যবহার করে একই ধরনের সক্ষমতা অর্জনের পদ্ধতি দেখানো হয়েছে। গবেষণায় এক বিলিয়ন প্যারামিটারের মডেল সর্বোচ্চ ৪০০ বিলিয়ন টোকেন দিয়ে প্রশিক্ষণ করেও প্রায় দেড় গুণ বেশি তথ্য দিয়ে প্রশিক্ষিত প্রচলিত মডেলের কাছাকাছি ফল দেখিয়েছে। বাড়তি প্রতিটি টোকেনের জন্য ব্যয়ও ছিল সামান্য।

গত ২৫ অক্টোবর টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের গবেষক দল ‘রিসাইক্লার’ নামে একই ধরনের একটি পদ্ধতি প্রকাশ করে। এতে মডেলের আগের ধাপের গোপন অবস্থা পুনর্ব্যবহার করে তুলনামূলক কম প্যারামিটারের মডেল দিয়ে ভালো ফল পাওয়ার কথা বলা হয়েছে। ল্যাংফোর্ডের দাবি, বাইটড্যান্সের পদ্ধতিটি তার গবেষণার সঙ্গে প্রায় একই, যদিও কিছু কারিগরি পার্থক্য রয়েছে।

তার ধারণা, এই স্থাপত্যের একটি সংস্করণ দ্বিগুণ আকারের মডেলের সমতুল্য সক্ষমতা দেখাতে পারে। এতে এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার ব্যয় অর্ধেক পর্যন্ত কমানোর সম্ভাবনা রয়েছে। তবে এটি ল্যাংফোর্ডের অনুমান। বড় মডেলের সমতুল্য ফল পাওয়া গেলেই প্রকৃত ব্যয় অর্ধেক হবে, এমন নিশ্চয়তা নেই।

ল্যাংফোর্ড বলেন, মাইক্রোসফট এআই বিভাগে তার গবেষণার বাস্তব প্রয়োগের সুযোগ তৈরি হয়নি, এমনকি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনাও করা হয়নি। এ কারণে তিনি দলটির সদস্যদের অন্য জায়গায় কাজের ব্যবস্থা করে নিজেই প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, এআই ফ্রন্টিয়ার্সের কার্যক্রম কার্যত শেষ। আগামী বছর দলটির অধীনে কোনো শিক্ষানবিশ কর্মসূচিও থাকবে না। গবেষণার ফল বাস্তবে কাজে লাগানোর সুযোগ না থাকলে কোনো প্রতিষ্ঠানে কাজ চালিয়ে যাওয়ার আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি।

এদিকে মাইক্রোসফট এআই মডেলের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কম খরচে সেবা দেওয়ার লক্ষ্যেও কাজ করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন ঘোষণায় কম ব্যয়ে উন্নত এআই মডেল তৈরির কথা বলা হয়েছে। তবে ল্যাংফোর্ডের অভিযোগ, গবেষণাগারের উদ্ভাবনকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির আগ্রহের ঘাটতি রয়েছে।

মাইক্রোসফট এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগ অবশ্য জানিয়েছে, এআই ফ্রন্টিয়ার্স এখন মাইক্রোসফট এআইয়ের অংশ হিসেবে কাজ করছে এবং উন্নত গবেষণা চালিয়ে যাচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন