উইন্ডোজের ফাইল এক্সপ্লোরারের বিকল্প যে বিনা মূল্যের অ্যাপ

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৬

উইন্ডোজের ফাইল এক্সপ্লোরারের বিকল্প যে বিনা মূল্যের অ্যাপ

উইন্ডোজের নিজস্ব ফাইল ব্যবস্থাপনা অ্যাপ ফাইল এক্সপ্লোরারে ধীরে ধীরে নতুন সুবিধা যুক্ত করছে মাইক্রোসফট। তবে নকশা, ব্যবহার সহজ করা এবং বাড়তি সুবিধার দিক থেকে এগিয়ে রয়েছে ‘ফাইলস’ নামের একটি বিনা মূল্যের উন্মুক্ত উৎসের অ্যাপ। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এক্সডিএ ডেভেলপার্সের এক প্রতিবেদনে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন লেখক অভিষেক কুমার মিশ্র।

উইন্ডোজ ১১-এর ফাইল এক্সপ্লোরারে ট্যাব, বিভিন্ন ধরনের সংরক্ষিত ফাইল খোলার সুবিধা, বিস্তারিত তথ্য দেখার প্যানেল ও প্রসঙ্গভিত্তিক মেনুতে পরিবর্তন এনেছে মাইক্রোসফট। এমনকি ‘ম্যানেজড ডিভাইসেস’ সুবিধার মাধ্যমে যুক্ত করা ফোনের স্টোরেজও দেখা যায়। তবে এসব উন্নতির পরও অ্যাপটির নকশা ও ব্যবহার-সুবিধায় বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে।

ফাইলস অ্যাপের ইন্টারফেস উইন্ডোজ ১১-এর নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে রয়েছে স্বতন্ত্র আইকন, গোছানো হোমপেজ এবং তুলনামূলক বড় ও সহজে পড়া যায় এমন লেখা। বিস্তারিত তথ্য ও নেভিগেশন প্যানেলসহ অ্যাপের বিভিন্ন অংশে একই নকশার ধারাবাহিকতা রয়েছে। ফাইল এক্সপ্লোরারের মতো একাধিক মেনুতে না গিয়ে ওপরের অংশের আইকন থেকেই বিভিন্ন কাজ করা যায়।

অ্যাপটির উল্লেখযোগ্য সুবিধা হলো বিস্তারিত তথ্য ও প্রিভিউ দেখার ব্যবস্থা একই বোতাম থেকে নিয়ন্ত্রণ করা যায়। প্রয়োজন অনুযায়ী দুটির মধ্যে পরিবর্তন করা সম্ভব। অন্যদিকে, ফাইল এক্সপ্লোরারে এ দুটি সুবিধা একসঙ্গে চালু রাখা যায় না।

একাধিক প্যানেল ও ট্যাগ ব্যবহারের সুবিধা

ফাইলস অ্যাপে পাশাপাশি দুটি প্যানেলে আলাদা ফোল্ডার খোলা যায়। ফলে এক স্থান থেকে অন্য স্থানে ফাইল সরানো কিংবা দুটি ফোল্ডারের ফাইল তুলনা করতে নতুন উইন্ডো খোলার প্রয়োজন হয় না। ফাইল এক্সপ্লোরারে ট্যাব থাকলেও এ ধরনের সুবিধা নেই।

গুরুত্বপূর্ণ ফাইল আলাদা করে রাখতে অ্যাপটিতে ট্যাগ ব্যবহারের সুযোগ রয়েছে। আগে থেকেই চারটি বিভাগ নির্ধারণ করা আছে। চাইলে নতুন ট্যাগ তৈরি করা বা পুরোনো ট্যাগ মুছে ফেলা যায়। নেভিগেশন প্যানেল থেকে পরে এসব ট্যাগের আওতায় থাকা ফাইলও খুঁজে পাওয়া যায়।

এ ছাড়া নির্দিষ্ট ফোল্ডারের ফাইল দ্রুত খুঁজতে ফিল্টার ব্যবহার করা যায়। একাধিক স্তরের ফোল্ডারে সহজে যাতায়াতের জন্য রয়েছে কলাম ভিউ। এতে ফোল্ডারের বিভিন্ন স্তর আলাদা কলামে দেখা যায়, ফলে প্রয়োজনীয় ফোল্ডার খুঁজে পাওয়া সহজ হয়।

কিবোর্ডের মাধ্যমে দ্রুত কাজ

কিবোর্ড ব্যবহার করে দ্রুত কাজ করার জন্য ফাইলস অ্যাপে রয়েছে কমান্ড প্যালেট। ‘কন্ট্রোল + শিফট + পি’ চাপলে এটি চালু হয়। এখান থেকে ফাইল মুছে ফেলা, বর্তমান ট্যাব বন্ধ করাসহ বিভিন্ন কাজের নির্দেশ খুঁজে চালানো যায়।

কোনো কাজের কিবোর্ড শর্টকাট মনে না থাকলেও কমান্ড প্যালেটের অনুসন্ধান সুবিধা ব্যবহার করে সেটি খুঁজে নেওয়া সম্ভব। চাইলে নির্দিষ্ট কাজের জন্য কিবোর্ডের বোতাম নির্ধারণ বা নতুন নির্দেশ যুক্ত করা যায়।

ইচ্ছেমতো সাজানোর সুযোগ

ফাইল এক্সপ্লোরারে নকশা ও ব্যবহারের ধরন পরিবর্তনের সুযোগ সীমিত। তবে ফাইলস অ্যাপে পটভূমি, বিশেষ রং, থিম ও ফন্ট পরিবর্তন করা যায়। ফোল্ডারের বিন্যাস নির্ধারণ, অপ্রয়োজনীয় উপাদান সরানো এবং ফোল্ডারের আকার দেখানোর সুবিধাও রয়েছে।

একাধিক ফোল্ডারে একই বিন্যাস ও সাজানোর পছন্দ প্রয়োগ করা যায়। এ ছাড়া অ্যাপটির জন্য আলাদা সেটিংস পৃষ্ঠা রয়েছে, যা ফাইল এক্সপ্লোরারের পুরোনো ফোল্ডার অপশনস ব্যবস্থার তুলনায় বেশি গোছানো।

প্রতিবেদকের মতে, ফাইলস অ্যাপটি ফাইল এক্সপ্লোরারের চেয়ে দ্রুত নয়। তবে বাড়তি সুবিধা, সহজ ব্যবহার ও পরিচ্ছন্ন নকশার কারণে এটি ভালো বিকল্প হতে পারে। অ্যাপটিতে অপ্রয়োজনীয় সফটওয়্যার, জটিল নকশা কিংবা বিজ্ঞাপনও নেই।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন