আইফোন ও ম্যাকবুকে চীনা মেমোরি চিপ পরীক্ষা করছে অ্যাপল
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বৃদ্ধির ফলে সৃষ্ট যন্ত্রাংশ সংকট মোকাবিলায় চীনের সিএক্সএমটি কোম্পানির মেমোরি চিপ পরীক্ষা করছে অ্যাপল। আইফোন ও ম্যাকবুকসহ বিভিন্ন পণ্যে এসব চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল ইতোমধ্যে সিএক্সএমটির সঙ্গে প্রাথমিক আলোচনা করেছে। লক্ষ্য হচ্ছে চীনে বিক্রি হওয়া কিছু ডিভাইসে এসব মেমোরি চিপ ব্যবহার করা।
যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে অ্যাপল ও সিএক্সএমটির পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে রয়টার্স জানিয়েছিল, উৎপাদন বাড়াতে বেইজিংয়ে দ্বিতীয় একটি মেমোরি চিপ কারখানা নির্মাণের পরিকল্পনা করছে সিএক্সএমটি।
এদিকে যন্ত্রাংশ সংকট কাটাতে এইচপি ও এসার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বাইরে বিক্রি হওয়া কিছু ডিভাইসে সিএক্সএমটির মেমোরি চিপ ব্যবহার শুরু করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক চিপ সরবরাহ সংকটের মধ্যে বিকল্প উৎস খুঁজতে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ ধরনের উদ্যোগ নিচ্ছে।
সূত্র : রয়টার্স