বাংলালিংকের নতুন সিপিও সৈয়দ তানভির হুসাইন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১৭:৩২

বাংলালিংকের নতুন সিপিও সৈয়দ তানভির হুসাইন

দেশের টেলিযোগাযোগ অপারেটর বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ তানভির হুসাইন। গত ১ নভেম্বর তিনি এ পদে যোগ দেন। বাংলালিংকের প্রথম চিফ পিপল অফিসার হিসেবে প্রতিষ্ঠানের জনবল ব্যবস্থাপনা ও সাংগঠনিক কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তানভির হুসাইনের পেশাগত জীবনে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে দুই দশকের বেশি সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

টেলিযোগাযোগ, প্রযুক্তি, আর্থিক সেবা ও উৎপাদনসহ বিভিন্ন খাতে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। মানবসম্পদ ব্যবস্থাপনা, সাংগঠনিক পরিবর্তন, নেতৃত্বের বিকাশ এবং কর্মীদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়ে কাজ করেছেন তিনি।

বাংলালিংকে যোগ দেওয়ার আগে আবুল খায়ের গ্রুপের স্টিল ও ভোগ্যপণ্য বিভাগের মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তানভির। এর আগে এসিআই লিমিটেডের জ্যেষ্ঠ উপদেষ্টা এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার ছিলেন তিনি। এসব প্রতিষ্ঠানে ব্যবসায়িক কৌশল, প্রবৃদ্ধি ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করেছেন।

এর আগে পাঁচ বছরের বেশি সময় গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তানভির। সেখানে কর্মীদের কৌশলগত ব্যবস্থাপনা, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি ও সাংগঠনিক পরিবর্তনের বিভিন্ন উদ্যোগে ভূমিকা রাখেন। এ ছাড়া এয়ারটেল বাংলাদেশ, সিটি ব্যাংক এনএ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে বিভিন্ন জ্যেষ্ঠ পদে কাজ করেছেন তিনি।

বাংলালিংকে নতুন দায়িত্বে কর্মীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানো এবং এআইনির্ভর কর্মসংস্কৃতি গড়ে তোলায় গুরুত্ব দেবেন তানভির। প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যবসায়িক লক্ষ্য পূরণ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনেও কাজ করবেন তিনি।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সৈয়দ তানভির হুসাইন বলেন, বাংলালিংকের গুরুত্বপূর্ণ সময়ে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। কর্মীদের দক্ষতা বাড়ানো, নেতৃত্বের বিকাশ এবং উৎপাদনশীলতা ও উদ্ভাবনে এআইয়ের ব্যবহার বাড়িয়ে গতিশীল ও ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মপরিবেশ গড়ে তুলতে চান তিনি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন