কোডিংয়ে গতি বাড়াতে অটো মোড চালু করেছে অ্যানথ্রপিক
কোডিংয়ে মানুষের হস্তক্ষেপ কমিয়ে গতি বাড়াতে ক্লড কোডে ‘অটো মোড’ চালু করেছে অ্যানথ্রপিক। আগামী ১৪ আগস্ট থেকে প্রো, ম্যাক্স ও টিম অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য এই সুবিধা ডিফল্টভাবে চালু থাকবে।
প্রতিষ্ঠানটি প্রথমে গত মার্চে পরীক্ষামূলকভাবে অটো মোড চালু করেছিল। তখন এটি গতি ও নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য রাখার একটি উপায় হিসেবে উপস্থাপন করা হয়।
অটো মোড চালু থাকলে ক্লড কোড প্রতিটি ধাপে ব্যবহারকারীর অনুমতি চেয়ে থেমে থাকবে না। বরং কোনো কাজ যদি অপরিবর্তনীয়, ক্ষতিকর বা ব্যবহারকারীর পরিবেশের বাইরে যাওয়ার ঝুঁকি তৈরি করে, তখনই কেবল তা থামবে।
অ্যানথ্রপিক জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে অটো মোড অনেক ক্ষেত্রে মানুষের হাতে পর্যালোচনার চেয়েও নিরাপদ। ১ হাজার ৫৩ জন অর্থপ্রদানের ভিত্তিতে অংশ নেওয়া ব্যবহারকারীকে নিয়ে করা এক পরীক্ষায় অটো মোড ৮৯ শতাংশ ক্ষতিকর কাজ শনাক্ত করতে পেরেছে, যেখানে মানব পর্যালোচনায় শনাক্তের হার ছিল মাত্র ১৩ দশমিক ৬ শতাংশ।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করছেন, ব্যবহারকারীরা অনেক সময় অভ্যাসবশত অনুমতির অনুরোধ দ্রুত অনুমোদন করে দেন, যার ফলে ঝুঁকি বাড়ে।
ক্লড কোডের প্রধান বরিস চেরনি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, তিনি ও তার দল দীর্ঘদিন ধরেই কেবল অটো মোড ব্যবহার করছেন এবং আগের অনুমতিনির্ভর পদ্ধতিতে ফিরে যাওয়ার কথা ভাবতেই পারেন না।
এ ছাড়া নিরাপত্তা জোরদারে নতুন কিছু সুবিধাও যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রম্পট ইনজেকশন শনাক্তকরণ এবং ব্যবহারকারীর নির্ধারণ করা কঠোর নিষেধাজ্ঞা, যা তথ্য ফাঁসের মতো ঝুঁকি ঠেকাতে সহায়তা করবে।