আজ থেকে বদলে যাচ্ছে গুগল ড্রাইভের ফটো ব্যাকআপ ব্যবস্থা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১৩:৩০

আজ থেকে বদলে যাচ্ছে গুগল ড্রাইভের ফটো ব্যাকআপ ব্যবস্থা

আজ (১০ আগস্ট) থেকে গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপে স্বয়ংক্রিয়ভাবে গুগল ফটোসে ছবি ও ভিডিও ব্যাকআপের সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে যারা কম্পিউটার থেকে সরাসরি ড্রাইভের মাধ্যমে ফটোসে ছবি সংরক্ষণ করতেন, তারা আর নতুন ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে আপলোড হতে দেখবেন না।

গুগল জানিয়েছে, ব্যাকআপ ব্যবস্থাকে সহজ করা এবং ছবি ব্যবস্থাপনার জন্য ফটোস অ্যাপকে আরও গুরুত্ব দিতেই এই পরিবর্তন আনা হচ্ছে।

কী পরিবর্তন হচ্ছে

বর্তমানে ড্রাইভের ডেস্কটপ অ্যাপ ব্যবহার করে কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডার থেকে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও গুগল ফটোসে ব্যাকআপ নেওয়া যায়। কিন্তু আজ থেকে এই সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।

এর ফলে আগে থেকে নির্ধারিত ফোল্ডারগুলো থেকে আর নতুন কোনো ছবি বা ভিডিও ফটোসে আপলোড হবে না।

তবে এতে গুগল ড্রাইভ বা গুগল ফটোস বন্ধ হচ্ছে না। ড্রাইভের সাধারণ ফাইল সিঙ্ক আগের মতোই চলবে। আর আগে যেসব ছবি ও ভিডিও ফটোসে ব্যাকআপ হয়েছে, সেগুলো নিরাপদভাবেই সংরক্ষিত থাকবে।

কীভাবে ব্যাকআপ চালু রাখবেন

যারা স্বয়ংক্রিয়ভাবে ছবি ব্যাকআপ চালু রাখতে চান, তাদের সরাসরি গুগল ফটোস ব্যবহার করতে হবে। এ জন্য দুটি উপায় রয়েছে-

ফোল্ডার ব্যাকআপ চালু করা: গুগল ফটোসে গিয়ে “+” অপশন থেকে “ব্যাকআপ ফোল্ডার” নির্বাচন করে কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডার যুক্ত করা যাবে।
ড্রাইভ থেকে ছবি যুক্ত করা: গুগল ড্রাইভে সংরক্ষিত ছবি সরাসরি গুগল ফটোসে ইমপোর্ট করা যাবে

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, নতুন এই পদ্ধতিতে ব্যাকআপ স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডে চলবে না। গুগল ফটোস ওয়েবসাইট ব্রাউজারে খোলা থাকলেই কেবল ব্যাকআপ প্রক্রিয়া চালু থাকবে, যা আগের তুলনায় কিছুটা কম সুবিধাজনক হতে পারে।

কারা বেশি প্রভাবিত হবেন

যারা মূলত মোবাইল ফোন থেকে ছবি ব্যাকআপ করেন, তাদের জন্য এই পরিবর্তনের প্রভাব খুব একটা পড়বে না। কারণ মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাকআপের সুবিধা আগের মতোই থাকবে।

তবে যারা ক্যামেরা বা স্ক্যান করা ডকুমেন্টের ছবি কম্পিউটারের ফোল্ডারের মাধ্যমে ড্রাইভ ব্যবহার করে ফটোসে সংরক্ষণ করতেন, তাদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে নতুন পদ্ধতিতে সেটআপ না করলে নতুন ছবি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ হওয়া বন্ধ হয়ে যাবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন