বিলবোর্ডের সংগীত তালিকায় আবারও যুক্ত হচ্ছে ইউটিউব

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫০

বিলবোর্ডের সংগীত তালিকায় আবারও যুক্ত হচ্ছে ইউটিউব

সংগীতের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ডের তালিকায় আবারও যুক্ত হচ্ছে ইউটিউবের স্ট্রিমিংয়ের তথ্য। ২০২৭ সাল থেকে বিলবোর্ডকে এসব তথ্য সরবরাহ করবে ভিডিও দেখার এই মাধ্যম। স্ট্রিমিংয়ের হিসাব পদ্ধতি নিয়ে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বিরোধের অবসানের পর এ সিদ্ধান্ত এসেছে।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় ইউটিউব জানিয়েছে, বিলবোর্ডের তালিকা তৈরির পদ্ধতিতে সাম্প্রতিক পরিবর্তনের পর তারা আবারও তথ্য সরবরাহে রাজি হয়েছে। নতুন পদ্ধতিতে বিজ্ঞাপননির্ভর বিনা মূল্যের স্ট্রিমিংকে আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হবে। টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিবর্তনের ফলে বিলবোর্ডের সংগীত তালিকায় ইউটিউবের তথ্যের প্রভাব বাড়বে।

২০২৫ সালের ডিসেম্বরে বিলবোর্ডকে স্ট্রিমিংয়ের তথ্য দেওয়া বন্ধ করে দেয় ইউটিউব। প্রতিষ্ঠানটির অভিযোগ ছিল, বিলবোর্ডের আগের পদ্ধতিতে অর্থের বিনিময়ে নেওয়া সাবস্ক্রিপশনের মাধ্যমে গান শোনাকে বেশি গুরুত্ব দেওয়া হতো। অন্যদিকে বিজ্ঞাপন দেখে বিনা মূল্যে গান শোনা শ্রোতাদের অবদান যথাযথভাবে বিবেচনা করা হতো না।

তখন ইউটিউবের বৈশ্বিক সংগীত বিভাগের প্রধান লায়র কোহেন এক ব্লগ পোস্টে বিলবোর্ডের হিসাবপদ্ধতির সমালোচনা করেন। তার মতে, বর্তমান সময়ে মানুষ যেভাবে গান শোনে, পুরোনো পদ্ধতিতে তার প্রতিফলন ছিল না। যুক্তরাষ্ট্রে রেকর্ড করা সংগীতের মোট আয়ের ৮৪ শতাংশ আসে স্ট্রিমিং থেকে বলেও উল্লেখ করেন তিনি।

বিলবোর্ডের আগের নিয়মে অর্থের বিনিময়ে শোনা ১ হাজার স্ট্রিমিংয়ের সমান ধরা হতো বিজ্ঞাপননির্ভর ২ হাজার ৫০০ স্ট্রিমিংকে। নতুন নিয়মে এই ব্যবধান কমানো হয়েছে। এখন অর্থের বিনিময়ে শোনা ১ হাজার স্ট্রিমিংয়ের সমান হবে বিজ্ঞাপননির্ভর ১ হাজার ৫০০ স্ট্রিমিং। অর্থাৎ বিনা মূল্যে গান শোনার হিসাব এখন সংগীত তালিকায় আগের চেয়ে বেশি প্রভাব ফেলবে।

ইউটিউবের তথ্য আবার যুক্ত হলে বিশেষ করে স্বাধীন সংগীতশিল্পী ও আন্তর্জাতিক শ্রোতাগোষ্ঠী থাকা শিল্পীরা উপকৃত হতে পারেন। সংগীতের ভিডিও, সরাসরি পরিবেশনা, গানের কথা এবং অন্যান্য কনটেন্টের মাধ্যমে শিল্পীরা ইউটিউবে নতুন শ্রোতার কাছে পৌঁছান। এসব কার্যক্রমের তথ্য বিলবোর্ডের তালিকায় বিবেচিত হলে তাদের অবস্থানেও প্রভাব পড়তে পারে।

ইউটিউবের তথ্য ফিরে পাওয়ায় সংগীত শোনা ও নতুন গান আবিষ্কারের প্রবণতা সম্পর্কে আরও পূর্ণাঙ্গ চিত্র পাবে বিলবোর্ড। বিপুলসংখ্যক শ্রোতা ইউটিউব ব্যবহার করায় এত দিন তাদের স্ট্রিমিংয়ের তথ্য বাদ পড়ায় সংগীতের জনপ্রিয়তা পরিমাপের ক্ষেত্রে একটি বড় অংশ হিসাবের বাইরে ছিল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন