নেক্সটস্লাইডের কর্মীরা এখন কাজ করবে ওপেনএআইয়ে
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ওপেনএআই প্রেজেন্টেশন তৈরির স্টার্টআপ নেক্সটস্লাইডকে অধিগ্রহণ করেছে। এর ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা এখন চ্যাটজিপিটি উন্নয়নে কাজ করছেন।
নেক্সটস্লাইডের প্রতিষ্ঠাতা আহমেদ বেসরি জানিয়েছেন, তাদের তৈরি পণ্য ব্যবহার করে নির্দেশনা, নোট, নথি বা গবেষণা থেকে সহজেই পরিমার্জিত ও সম্পাদনাযোগ্য উপস্থাপনা তৈরি করা যেত।
তিনি বলেন, তাদের মূল লক্ষ্য ছিল ভিজ্যুয়াল যোগাযোগকে আরও সহজ করা এবং মানুষকে তাদের ভাবনা স্পষ্টভাবে প্রকাশে সহায়তা করা। ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হয়ে তারা একই লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন।
এই অধিগ্রহণের আর্থিক বিষয়গুলো প্রকাশ করা হয়নি। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আহমেদ বেসরি জানান, চুক্তিটি চলতি বছরের শুরুতেই সম্পন্ন হয়েছিল, তবে ঘোষণা দিতে কিছুটা দেরি হয়েছে।
উল্লেখ্য, আহমেদ বেসরি এর আগে ক্যাপার এআই নামের একটি স্মার্ট কেনাকাটা প্রযুক্তি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা ছিলেন, যা ২০২১ সালে আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে।
সূত্র : টেকক্রাঞ্চ