ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সুবিধা আনছে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ৯ আগস্ট ২০২৬, ১১:১২

ফেসবুক বিজ্ঞাপনে বিকাশ পেমেন্ট সুবিধা আনছে মেটা

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন দেওয়া সহজ করতে নতুন পেমেন্ট পদ্ধতি নিয়ে কাজ করছে মেটা। প্রতিষ্ঠানটি তাদের বিজ্ঞাপন ব্যবস্থায় বিকাশকে যুক্ত করার পরীক্ষা শুরু করেছে। আপাতত সীমিতসংখ্যক ব্যবহারকারীর মধ্যে এই সুবিধা পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়ন হলে বিজ্ঞাপনের বিল দিতে আন্তর্জাতিক ব্যাংক কার্ডের ওপর নির্ভরতা কমে আসবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য খরচ ও প্রক্রিয়া উভয়ই সহজ হবে।

সাম্প্রতিক সময়ে কিছু ব্যবহারকারীর শেয়ার করা তথ্য থেকে জানা যায়, মেটার বিজ্ঞাপন ব্যবস্থাপনার পেমেন্ট অপশনে বিকাশের নাম দেখা যাচ্ছে। কয়েকজন ব্যবহারকারী ইতোমধ্যে এই পদ্ধতিতে অর্থ পরিশোধও করেছেন।

এতদিন ফেসবুক বিজ্ঞাপনের বিল দিতে গিয়ে অনেকেই আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা ও ব্যাংকিং জটিলতায় পড়তেন। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য এসব প্রক্রিয়া ছিল জটিল ও ব্যয়বহুল।

তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মেটা। ফলে কবে নাগাদ এই সুবিধা সবার জন্য চালু হবে, তা স্পষ্ট নয়। পরীক্ষামূলক ধাপ সফল হলে ভবিষ্যতে স্থানীয় পেমেন্ট ব্যবস্থার ব্যবহার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন