ব্যবহারকারীদের আয়ের সুবিধা বন্ধ করছে এক্স
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের জন্য চালু থাকা আয়ের প্রোগ্রাম বন্ধ করার ঘোষণা দিয়েছে। প্ল্যাটফর্মটি জানিয়েছে, এই প্রোগ্রামের অধীনে শেষ অর্থ প্রদান করা হবে ১১ সেপ্টেম্বর। ইতোমধ্যে নতুন করে এতে নিবন্ধন নেওয়াও বন্ধ করা হয়েছে।
এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবহারকারীরা পোস্টে পাওয়া সম্পৃক্ততার ভিত্তিতে আয় করতে পারতেন। তবে এটি কেবল প্রিমিয়াম গ্রাহকদের জন্য সীমিত ছিল।
এক্স জানিয়েছে, ৭ আগস্ট থেকে নতুন নিবন্ধন বন্ধ করা হয়েছে। বিদ্যমান ব্যবহারকারীদের জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগস্ট মাসে আরও কয়েক দফা অর্থ প্রদান করা হবে। এরপর ৭ সেপ্টেম্বর পর্যন্ত অর্জিত আয়ের চূড়ান্ত পরিশোধ ১১ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে প্ল্যাটফর্মটির নির্মাতা কার্যক্রম বিভাগের প্রধান আলেগ্রা জ্যাকিয়া বলেন,‘আগের প্রোগ্রামের প্রণোদনা কাঠামো সঠিকভাবে কাজ করছিল না। এতে অনেক ব্যবহারকারী নতুন কনটেন্ট তৈরি না করে অন্যদের কনটেন্ট পুনঃব্যবহার করে আয় করার চেষ্টা করছিলেন।’
এই পরিস্থিতি মোকাবিলায় এক্স নতুন একটি ‘অরিজিনাল কনটেন্ট রিওয়ার্ড’ প্রোগ্রাম চালু করছে। এই প্রোগ্রামে মৌলিক ধারণা, সৃজনশীলতা, বিশ্লেষণ ও নিজস্ব কণ্ঠে তৈরি কনটেন্টকে অগ্রাধিকার দেওয়া হবে।
নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা তাদের মৌলিক কনটেন্ট থেকে তৈরি হওয়া নির্দিষ্ট ভিউ বা প্রদর্শনের ভিত্তিতে আয় করতে পারবেন। প্রতি দুই সপ্তাহে একবার করে অর্থ প্রদান করা হবে, যদি ব্যবহারকারী নির্ধারিত শর্ত পূরণ করেন।
এক্স জানিয়েছে, থ্রেড, ভিডিও, মিম, প্রতিবেদন, বিশ্লেষণ, মন্তব্য, ছবি ও গ্রাফিক্সসহ বিভিন্ন ধরনের মৌলিক কনটেন্ট এই প্রোগ্রামের আওতায় আসবে। এমনকি বিদ্যমান কনটেন্ট নতুনভাবে বিশ্লেষণ, ব্যাখ্যা বা সৃজনশীলভাবে উপস্থাপন করলেও তা গ্রহণযোগ্য হতে পারে।
নতুন প্রোগ্রামে যোগ দিতে হলে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং প্ল্যাটফর্মটির প্রিমিয়াম সেবার গ্রাহক হতে হবে। এ ছাড়া অন্তত ৫০০ যাচাইকৃত অনুসারী এবং গত ৯০ দিনে ৫ লাখ ভিউ থাকতে হবে।
এক্স জানিয়েছে, ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আবেদন করা যাবে এবং তিন কর্মদিবসের মধ্যে ফল জানানো হবে। আবেদন বাতিল হলে একবার আপিল করার সুযোগ থাকবে।
নতুন প্রোগ্রামের প্রথম অর্থ প্রদান ২৮ আগস্ট থেকে শুরু হবে। আর ৮ সেপ্টেম্বরের পর যোগ্য হওয়া ব্যবহারকারীরা ২৫ সেপ্টেম্বর থেকে তাদের প্রথম অর্থ পেতে পারেন।