এআই চাহিদা বাড়ায় ভারতে সবচেয়ে বড় ডাটা সেন্টার চালু করেছে মাইক্রোসফট
প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ভারতে তাদের সবচেয়ে বড় ডাটা সেন্টার চালু করেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভারতের হায়দরাবাদে এই কেন্দ্র চালু করা হয়। দ্রুত বাড়তে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন এই কেন্দ্রের প্রাথমিক ব্যবহারকারীদের মধ্যে রয়েছে আদানি গ্রুপ ও এইচডিএফসি ব্যাংক।
ইন্ডিয়া সাউথ সেন্ট্রাল নামের এই স্থাপনা চালু হওয়ার মাধ্যমে ভারতে মাইক্রোসফটের ক্লাউড অঞ্চলের সংখ্যা বেড়ে চারটিতে দাঁড়িয়েছে। এর আগে পুনে, চেন্নাই ও মুম্বাইয়ে কোম্পানিটির ডাটা সেন্টার ছিল। এর ফলে দেশটিতে ক্লাউড কম্পিউটিং সেবাদাতা হিসেবে তাদের অবস্থান আরও শক্তিশালী হলো।
মাইক্রোসফট ভারতে তাদের কার্যক্রম সম্প্রসারণে প্রায় ২০ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এক বিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী এবং বিপুল প্রযুক্তি দক্ষ জনশক্তির বাজারকে সামনে রেখে এই বিনিয়োগ করা হচ্ছে।
কোম্পানিটির ক্লাউড বিভাগ অ্যাজুর গত দুই বছর ধরে ভারতে দ্বি-অঙ্কের রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছে বলে জানানো হয়েছে।
এছাড়া দক্ষিণ এশিয়ার এই দেশে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির জিওর সঙ্গে যৌথভাবে দুটি ডাটা সেন্টার পরিচালনা করছে মাইক্রোসফট।
মাইক্রোসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পুনীত চান্ডক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে প্রকৃত সুফল পেতে হলে এমন নির্ভরযোগ্য অবকাঠামো দরকার, যা ডাটা সংরক্ষণ, কাজের পরিবেশ এবং সিদ্ধান্ত গ্রহণের জায়গার কাছাকাছি থাকে। তার মতে, নতুন এই ডাটা সেন্টার সেই গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলতে সহায়তা করবে।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজনও ভারতে ডাটা সেন্টার সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করছে, কারণ দেশটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারীর সম্ভাবনা অনেক বড়।
তবে সব প্রকল্প নির্বিঘ্নে এগোচ্ছে না। পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, পানির উৎস ও বন্যপ্রাণীর ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন না করেই একটি গুগল ডাটা সেন্টার প্রকল্প দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সরকার।
সূত্র : রয়টার্স