বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইনের স্মার্টফোন এনেছে আইটেল
আউটডোর ব্যবহারের জন্য নতুন রাগড স্মার্টফোন আইটেল পাওয়ার ৮০ বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আইটেল। ফোনটিতে রয়েছে ক্যাজ-ফ্রেম ডিজাইন, মিলিটারি-গ্রেড সুরক্ষা, ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর বিভিন্ন সুবিধা।
আইটেল জানিয়েছে, ফোনটির ক্যাজ-ফ্রেম নকশা আঘাতের শক্তি শোষণ ও ছড়িয়ে দিতে সহায়তা করে। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম কনসেপ্টে তৈরি স্মার্টফোন।
আইটেল পাওয়ার ৮০-তে রয়েছে এসজিএস ৫-স্টার গোল্ড ড্রপ-প্রুফ সার্টিফিকেশন এবং এমআইএল-এসটিডি-৮১০ মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ সুরক্ষা থাকায় ফোনটি ধুলো, কাদা, পানিতে ডুবে যাওয়া এবং উচ্চচাপের পানির মতো পরিস্থিতিতে ব্যবহারের উপযোগী।
ফোনটিতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। আইটেলের তথ্য অনুযায়ী, একবার চার্জে টানা ১০ ঘণ্টা পর্যন্ত শর্ট ভিডিও দেখা যাবে। ব্যাটারির আয়ু বাড়াতে এতে রয়েছে ‘ইন্টেলিজেন্ট ব্যাটারি সেলফ-রিপেয়ার’ প্রযুক্তি।
পাওয়ার ৮০-তে ৬ দশমিক ৭৮ ইঞ্চির হাই-ডেফিনিশন ডিসপ্লে দেওয়া হয়েছে। তীব্র রোদেও স্ক্রিনের তথ্য দেখার সুবিধা পাওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফিল্ডওয়ার্ক, ভ্রমণ ও নির্মাণকাজসহ বিভিন্ন আউটডোর কার্যক্রমে ফোনটি ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে ইউনিসক টি৭২৫০ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬। এতে এআই অ্যাডাপটিভ আউটডোর এক্সপেরিয়েন্স সুবিধা রয়েছে, যা পরিবেশ অনুযায়ী ডিসপ্লের উজ্জ্বলতা, কলের সময় শব্দ কমানো এবং ৪.৫জি নেটওয়ার্ক সিগন্যাল উন্নত করার মতো বিষয় স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে।