যুক্তরাষ্ট্রে আবারও বিভ্রাটের কবলে ফেসবুক ইনস্টাগ্রাম

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রে আবারও বিভ্রাটের কবলে ফেসবুক ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রে সাময়িক বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে মেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। রোববার রাতে কয়েক হাজার ব্যবহারকারী দুই প্ল্যাটফর্মে প্রবেশ ও সেবা ব্যবহারে সমস্যার কথা জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভ্রাট শুরু হয় যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে। ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট শনাক্তকারী ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি এবং ইনস্টাগ্রাম নিয়ে ৫ হাজারের বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।

ডাউনডিটেক্টর বিভিন্ন উৎস থেকে পাওয়া সেবাবিষয়ক প্রতিবেদন সংগ্রহ করে বিভ্রাটের তথ্য প্রকাশ করে। রাত ১০টার দিকে সমস্যার প্রতিবেদন দ্রুত কমে যায়, যা দুই প্ল্যাটফর্মের সেবা প্রায় স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দেয়।

বিভ্রাটের কারণ সম্পর্কে মেটা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ডাউনডিটেক্টরের তথ্য ব্যবহারকারীদের দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় প্রকৃতপক্ষে কতজন ব্যবহারকারী এতে আক্রান্ত হয়েছেন, তা ভিন্ন হতে পারে।

এর আগে জুলাইয়েও ফেসবুক ও ইনস্টাগ্রামে একই ধরনের বিভ্রাট হয়েছিল। ওই সময় ডাউনডিটেক্টরে ফেসবুক নিয়ে সর্বোচ্চ ৪ হাজার ৮০৮টি এবং ইনস্টাগ্রাম নিয়ে ২ হাজার ৮২৯টি সমস্যার প্রতিবেদন জমা পড়েছিল।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন