বিশ্বের সবচেয়ে হালকা ভাঁজযোগ্য ফোনের ওজন ২০১ গ্রাম
ভাঁজযোগ্য স্মার্টফোনকে পাতলা ও হালকা করার ক্ষেত্রে নতুন মাইলফলক তৈরি করেছে স্যামসাং। ২০১৯ সালে ২৭৬ গ্রাম ওজনের প্রথম গ্যালাক্সি ফোল্ড উন্মোচনের পর প্রতিটি প্রজন্মে ওজন কমিয়েছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি জেড ফোল্ড৫-এর ২৫৩ গ্রাম থেকে জেড ফোল্ড৬-এ ওজন কমে ২৩৯ গ্রাম হয়। এবার গ্যালাক্সি জেড ফোল্ড৮-এর ওজন ২০১ গ্রাম, যা জেড ফোল্ড৫-এর চেয়ে ৫২ গ্রাম কম।
স্যামসাং নিউজরুমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জেড ফোল্ড৭ তৈরির সময় প্রকৌশলীদের লক্ষ্য ছিল ওজন ২১৫ গ্রামের নিচে রাখা। কারণ সে সময় প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৫ আল্ট্রার ওজন ছিল ২১৮ গ্রাম। সেই লক্ষ্য পূরণ করে জেড ফোল্ড৭-এর ওজন হয় ২১৫ গ্রাম। এবার জেড ফোল্ড৮-এর ওজন ২০১ গ্রামে নামিয়ে এটিকে বিশ্বের সবচেয়ে হালকা ভাঁজযোগ্য ফোন হিসেবে দাবি করেছে স্যামসাং।
শুধু ওজন কমানো নয়, ব্যাটারি, ক্যামেরা, তাপ নিয়ন্ত্রণ ও স্থায়িত্ব ধরে রাখাও ছিল প্রকৌশলীদের বড় চ্যালেঞ্জ। এ জন্য একটি বা দুটি যন্ত্রাংশ ছোট করার বদলে ফোনের পুরো কাঠামো নতুন করে পর্যালোচনা করা হয়েছে।
পাতলা করতে বাড়ানো হয়েছে প্রকৌশলগত নির্ভুলতা
ফোনের পর্দার বিভিন্ন স্তরের পুরুত্ব কমানো হয়েছে। পর্দাকে সমর্থন দেওয়া ধাতব পাত প্রায় ০ দশমিক ২ মিলিমিটার পুরু করা হয়েছে। সবচেয়ে পাতলা অংশের পুরুত্ব ০ দশমিক ১৫ মিলিমিটার পর্যন্ত। এত পাতলা ধাতব কাঠামোকে নির্দিষ্ট আকারে তৈরি করতে উৎপাদনপ্রক্রিয়ায় একাধিক ধাপ ও উন্নত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
জেড ফোল্ড৮ ও জেড ফোল্ড৮ আল্ট্রায় ফ্লেক্স টাইটানিয়াম প্রযুক্তির টাইটানিয়াম অ্যালয় ফিল্ম ব্যবহার করা হয়েছে। এর পুরুত্ব কয়েক দশক মাইক্রোমিটার, যা মানুষের চুলের প্রস্থের প্রায় এক-তৃতীয়াংশ।
হিঞ্জের নকশাতেও পরিবর্তন আনা হয়েছে। ফোন খোলা ও বন্ধ করার সময় তৈরি হওয়া চাপ পুরো কাঠামোয় সুষমভাবে ছড়িয়ে দিতে শক্তি, স্থায়িত্ব, ভেতরের জায়গা ও ওজনের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে।
২৭০ যন্ত্রাংশ নতুন করে পর্যালোচনা
ওজন কমাতে ফোনের প্রায় ২৭০টি যন্ত্রাংশ এবং ১৮০টির বেশি ধরনের সহায়ক অংশ পরীক্ষা করেছেন স্যামসাংয়ের প্রকৌশলীরা। কোনো কোনো অংশের ওজন ০ দশমিক ০০১ গ্রাম পর্যন্ত কমানো হয়েছে।

প্রিন্টেড সার্কিট বোর্ডের নকশা বদলে অপ্রয়োজনীয় সার্কিট বাদ দেওয়া হয়েছে। অ্যান্টেনার নকশাতেও পরিবর্তন এনে ভেতরের সীমিত জায়গার ব্যবহার আরও কার্যকর করা হয়েছে। ১৮০টির বেশি সহায়ক অংশের মধ্যে প্রায় ১৫ ধরনের অংশ বাদ দেওয়া হয়েছে। বাকিগুলোর আকার, আকৃতি ও অবস্থান পরিবর্তন করে ওজন ও জায়গা কমানো হয়েছে।
হালকা কাঠামোয় বড় ব্যাটারি
ওজন ও জায়গা কমানোর ফলে সাশ্রয় হওয়া জায়গা ব্যবহার করা হয়েছে ব্যাটারি, ক্যামেরা ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায়। জেড ফোল্ড৮ আল্ট্রার ওজন জেড ফোল্ড৭-এর মতো ২১৫ গ্রাম হলেও ব্যাটারির ধারণক্ষমতা ৪ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টা থেকে বাড়িয়ে ৫ হাজার এমএএইচ করা হয়েছে।
বড় ব্যাটারির কারণে প্রায় ৬ গ্রাম অতিরিক্ত ওজন যুক্ত হলেও অন্য যন্ত্রাংশে ওজন কমিয়ে সেই ভারসাম্য তৈরি করা হয়েছে। একই সঙ্গে এর গ্রাফাইটভিত্তিক তাপ অপসারণ স্তরের আয়তন প্রায় ৭ শতাংশ বাড়ানো হয়েছে।
জেড ফোল্ড৮ আল্ট্রায় রয়েছে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজে প্রথমবারের মতো এতে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও যুক্ত করা হয়েছে।
স্যামসাং বলছে, গ্যালাক্সি জেড ফোল্ড৮-এর ওজন ২০১ গ্রামে নামানোর পেছনে কোনো একক উপাদান বা যন্ত্রাংশের পরিবর্তন কাজ করেনি। আট প্রজন্ম ধরে হিঞ্জ, পর্দা, উপাদান ও অভ্যন্তরীণ কাঠামোয় করা শত শত ছোট পরিবর্তনের সম্মিলিত ফলেই এই ওজন কমানো সম্ভব হয়েছে।