সমুদ্রের ১০ মিটার গভীরেও কাজ করবে সোলার প্যানেল
সমুদ্রের পানির ১০ মিটার গভীরেও কাজ করতে সক্ষম সৌরকোষ তৈরি করেছেন চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। পরীক্ষায় পানির নিচে থাকা এসব সৌরকোষ দিয়ে লিথিয়াম-আয়ন ব্যাটারি দুই ঘণ্টায় চার্জ করার মতো শক্তি সংগ্রহ করা গেছে। ভবিষ্যতে এই প্রযুক্তি পানির নিচের সেন্সর, ক্যামেরা, যোগাযোগব্যবস্থা ও স্বয়ংক্রিয় ডিভাইসে বিদ্যুৎ সরবরাহে কাজে লাগতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী জুল-এ। দক্ষিণ চীন সাগরে পানির ১০ মিটার নিচে সৌরকোষের প্রোটোটাইপ পরীক্ষা করেন গবেষকেরা।
সৌরকোষগুলো তৈরি করা হয়েছে লেড-হ্যালাইড পারোভস্কাইট দিয়ে। এর সঙ্গে পলিহেক্সামিথিলিন গুয়ানিডিন হাইড্রোক্লোরাইড নামের একটি পলিমার যুক্ত করা হয়েছে, যা সৌরকোষের কার্যকারিতা বাড়াতে সহায়তা করেছে।
গবেষকদের তথ্যমতে, পানির ২ মিটার গভীরে সৌরকোষগুলো ১ হাজার ৪১৬ মিলিওয়াট-ঘণ্টা শক্তি সংগ্রহ করতে পেরেছে। ৬ মিটার গভীরতায় তা কমে ৭৫২ মিলিওয়াট-ঘণ্টা এবং ১০ মিটার গভীরতায় ৩২৪ মিলিওয়াট-ঘণ্টায় নেমে আসে। পরীক্ষাগারে সৌরকোষগুলোর বিদ্যুৎ রূপান্তর দক্ষতা প্রায় ৩৫ শতাংশ পাওয়া গেছে।
ইউনান বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়েন-হুয়া ঝ্যাং বলেন, পানির নিচে সৌরকোষ নিয়ে আগের গবেষণাগুলো মূলত ২ মিটার বা তার কম গভীরতায় সীমাবদ্ধ ছিল। নতুন গবেষণায় প্রায় ১০ মিটার গভীরতায় সৌরকোষের কার্যকারিতা পরীক্ষামূলকভাবে প্রমাণ করা হয়েছে। গবেষকদের হিসাবে, প্রতিটি সৌরকোষ একটানা প্রায় সাড়ে পাঁচ বছর ব্যবহার করা যেতে পারে।
ব্যবহার বাড়তে পারে পানির নিচে
গবেষকদের ধারণা, পানির নিচে সৌরকোষ ব্যবহার করে সেন্সর, ক্যামেরা ও যোগাযোগব্যবস্থার মতো যন্ত্রে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে। পানির নিচে দীর্ঘ সময় স্থির অবস্থায় থাকা যন্ত্রগুলোর কাছে সৌরকোষ স্থাপন করলে নিয়মিত মানুষের হস্তক্ষেপ ছাড়াই সেগুলো সচল রাখা যেতে পারে।

তবে প্রযুক্তিটির বাস্তব প্রয়োগে একটি বড় সমস্যা হতে পারে পানির নিচে জীবজন্তু ও উদ্ভিদের আবরণ জমা হওয়া। ‘বায়োফাউলিং’ নামে পরিচিত এই প্রক্রিয়ায় সৌরকোষের ওপর জৈব পদার্থ জমে সূর্যের আলো বাধাগ্রস্ত করতে পারে। ফলে নিয়মিত পরিষ্কারের প্রয়োজন হতে পারে।
গবেষকেরা মনে করছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে পানির নিচে স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎব্যবস্থা ও স্বয়ংক্রিয় ডিভাইস তৈরির পথ তৈরি করতে পারে।